ঘরে বসে মাসের বাজার

শহরের যানজট ঠেলে বাজারে যাওয়া অনেকের কাছেই বেশ বড় হ্যাপা। কাঁচাবাজারের প্যাঁচপেঁচে কাদা আর আঁশটে গন্ধও কারও কারও অপছন্দের। কেউ আবার দরদামে অপটু। তবে তথ্যপ্রযুক্তির কল্যাণে এখন শুধু ইন্টারনেট সংযোগ থাকলেই বাজার পৌঁছে যেতে পারে আপনার দরজায়।
২০০৯ সালের নভেম্বর মাসে বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশে অনলাইনে টাকা লেনদেনের অনুমতি দেয়। এভাবেই দেশে ই-কমার্সের শুরু।
ই-কমার্স যুগের প্রথম দিকের একটি প্রতিষ্ঠান ‘চালডাল’। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সম্ভার নিয়ে ২০১৩ সালে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। চাল, ডাল, মাছ, মাংস, ফল, সবজি, হিমায়িত খাবার, প্রসাধনসামগ্রীসহ প্রতিদিনের দরকারি নানা কিছু পাওয়া যাবে এখানে। প্রতিষ্ঠানটির কাস্টমার সার্ভিস অপারেটর আবু জুবায়ের খান জানান, পুরান ঢাকার কিছু এলাকা বাদে প্রায় পুরো ঢাকা শহরেই তাদের হোম ডেলিভারি সেবা চালু আছে। অধিকাংশ এলাকায় পণ্যের ফরমাশ দেওয়ার ঘণ্টা খানেকের মধ্যেই পণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে। ২০০ টাকার ওপর ফরমাশ করলে কোনো সরবরাহ খরচ নেই। পণ্য পৌঁছে দিতে আসা কর্মীদের কাছে নগদ টাকায় দাম পরিশোধ করা যাবে। এ ছাড়া অনলাইনে ক্রেডিট কার্ড বা বিকাশের মাধ্যমেও মূল্য পরিশোধের সুযোগ আছে। চালডালের ওয়েব ঠিকানা: (https://chaldal.com/) ।
ঘরে মাসের বাজার পৌঁছে দেওয়ার আরেকটি অনলাইন প্রতিষ্ঠান হচ্ছে ‘ডিরেক্ট ফ্রেশ’। ২০১৪ সালে চালু হওয়া প্রতিষ্ঠানটি রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন, বসুন্ধরা, উত্তরা, ধানমন্ডি ও মোহাম্মদপুরে হোম ডেলিভারি সেবা দিচ্ছে। মুদিপণ্য, কাঁচাবাজার, বেকারি ও দুগ্ধজাত পণ্য পাওয়া যাবে তাদের কাছে। প্রতিষ্ঠানটির কাস্টমার রিলেশন ম্যানেজার রুহুল আমিন বলেন, বিদেশিরাই তাদের পণ্যের প্রধান ক্রেতা। বিদেশ থেকে আমদানি করা ফল, পনির, বিশেষ মাছ-মাংস আছে তাঁদের সম্ভারে। এখান থেকে ১ হাজার টাকার পণ্য কিনলে সরবরাহ খরচ নেই। ওয়েব ঠিকানা: (http://www.directfreshbd.com/) ।
দেশে থাকা পরিবার বা প্রিয়জনের কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে কাজ করছে ‘উপহারবিডি’ (http://www.upoharbd.com/)। প্রতিষ্ঠানটির অপারেশন এক্সিকিউটিভ আনিম আহমেদ বললেন, প্রবাসী বাংলাদেশিরা মূলত তাদের গ্রাহক। দেশে থাকা বাবা-মা বা পরিবারকে তাঁদের পক্ষ থেকে মাসের বাজার পৌঁছে দিতে সাহায্য করেন তাঁরা। নিজেদের পণ্য নয়; বরং ফরমায়েশ করা পণ্যগুলো ঢাকার তিনটি সুপারশপ থেকে সংগ্রহ করে তা ঢাকা ও ঢাকার আশপাশের এলাকায় নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়ার কাজ করে উপহারবিডি। ঢাকার ভেতরে বিনা খরচে পণ্য পৌঁছে দেওয়া হয়। আর ঢাকার বাইরে দূরত্ব অনুযায়ী সরবরাহের খরচ নির্ধারিত হয়। ক্রেডিট কার্ড বা নগদ টাকায় মূল্য পরিশোধ করা যায়।
এ ছাড়া দোকানি (https://www.dokani.com.bd/), কাঁচাবাজার (http://kachabazaar.com/), হাটবাজার (http://www.hutbazar.com/), ডেইলিবাজার (http://www.dailybazarbd.com/#) এসব দোকান থেকেও অনলাইনে গৃহস্থালি পণ্যের ফরমাশ দেওয়া যাবে। ঢাকার সুপারশপগুলোর মধ্যে মীনাবাজার (http://www.meenabazar.com.bd/) ক্রেতাদের ঠিকানায় বাজার পৌঁছে দেয়।