ঘরে বসে স্কুলের সমস্যার সমাধান
আপনার সন্তান কি আজ স্কুলে অনুপস্থিত? ভর্তি ফি, বকেয়া বেতন, ব্যাংক হিসাব ইত্যাদি নিয়ে সমস্যা চলছে? মাই ক্যাম্পাস নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান বলছে, ওয়েববেইজড ই-শিক্ষাব্যবস্থার মাধ্যমে ঘরে বসে খুদেবার্তার মাধ্যমে এসব সমস্যার সমাধান পেতে পারেন অভিভাবকেরা।গতকাল শনিবার ওয়েববেইজড ই-শিক্ষাব্যবস্থা নিয়ে প্রতিষ্ঠানটি ‘আপনারা চাইলেই হবে! ২০১৫’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে। রাজধানীর বেইলি রোডের তাদের নিজ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান মাই ক্যাম্পাসের প্রধান নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, স্কুলের প্রধান শিক্ষকেরা তাঁদের তৈরি সফটওয়্যার নিজেরাই ব্যবহার করে জানতে পারবেন, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে কারা কারা অনুপস্থিত। অভিভাবকেরাও খুদেবার্তার মাধ্যমে নিজেরাও তা জানতে পারবেন। একইভাবে পরীক্ষার ফলাফল জানতে পারবেন তাঁরা। এ ছাড়া তাঁদের স্কুলে না গেলেও চলবে।প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. জিয়াউল সরকার বলেন, ‘আমাদের দেশকে সত্যিকারের ডিজিটাল দেশে রূপান্তর করতে শিক্ষার ক্ষেত্রগুলো ডিজিটাল করা জরুরি।’শিক্ষাপ্রতিষ্ঠানে স্বচ্ছতা, ছাত্র-শিক্ষকের মধ্যে জবাবদিহি, পর্যবেক্ষণ দক্ষতা ও সমন্বয় নিশ্চিত করতে এই সফটওয়্যার অত্যন্ত কার্যকর বলে মন্তব্য করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাছরাঙা টেলিভিশনের বার্তাপ্রধান শাহ আলমগীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ তরুণদের নৈতিকভাবে দৃঢ় হওয়ার পরামর্শ দেন।