
রাত ২টা ৫৫ মিনিট। পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের আফতাব রেস্টুরেন্ট। ভেতরে ঢুকে বোঝা গেল না, রাত না দিন! প্রায় সব চেয়ারের পেছনেই একজন করে দাঁড়িয়ে আছেন। আসনসংকট। একজনের খাওয়া শেষ হলে অন্যজন বসবেন। খাবার পরিবেশনকারীরাও তুমুল ব্যস্ত। হাত খালি নেই কারও। রেস্টুরেন্টজুড়ে চলছে জমজমাট সাহরিপর্ব।
গত বৃহস্পতিবার ভোররাতে শহরের বিভিন্ন এলাকার হোটেল-রেস্তোরাঁয় সাহরির আয়োজনের খোঁজ নিতে গিয়ে পুরান ঢাকার কয়েকটি হোটেলে সাহরি খেতে আসা মানুষের ঢল চোখে পড়ে।
আফতাব রেস্টুরেন্টের ব্যবস্থাপক মোহাম্মদ আফতাব প্রথম আলোকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সাহরিতে বেশি আসেন। এ হোটেলে সারা বছরই প্রতি মাসের তৃতীয় সপ্তাহে (১৭ থেকে ২৫ তারিখ পর্যন্ত) উটের মাংসের ভুনা খিচুড়ির ব্যবস্থা থাকে।
ইদানীং অনেকে ঘরের বাইরে সাহরি খাচ্ছেন। প্রায় সবাই দল বেঁধে বেরিয়ে পড়ছেন। কখনো বন্ধুরা মিলে, কখনো পরিবারের সঙ্গে। সাহরিতে স্বাদের বৈচিত্র্য আনতে শেষ রাতে ছুটে যাচ্ছেন শহরের বিভিন্ন নামকরা হোটেলে। সাহরির খাবারকে উপভোগ করছেন ভিন্নভাবে।
সাহরি খেতে কেউ কেউ চলে যাচ্ছেন পদ্মা নদীর মাওয়া ঘাটেও। সাদা ভাত, ভর্তা, ইলিশসহ নদীর অন্যান্য মাছ ও মাংস দিয়ে সারছেন সাহরির আহার। অফিসের সহকর্মীদের নিয়ে প্রতিবছর উত্তরা থেকে মাওয়ায় সাহরি খেতে যান এনামুল হাসান। তিনি প্রথম আলোকে বলেন, ‘এবার সহকর্মীরা সবাই পরিবার নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি। ১৫ রোজার পরে যাব।’
বৃহস্পতিবার ভোররাতে সাহরি খেতে আসা বন্ধুদের একটি দলের সঙ্গে কথা হয় পুরান ঢাকায়। তাঁদের একজন মাসুদ স্বপন বলেন, ‘সাহরি খাওয়াকে আমরা আলাদাভাবে উপভোগ করছি। বন্ধুরা ঠিক করেছি, একেক দিন একেক এলাকার হোটেলগুলোতে গিয়ে সাহরি খাব। সপ্তাহে তিন দিন আমরা বিভিন্ন জায়গায় যাব। সেখানকার খাবারের স্বাদ নেব।’
রোজা উপলক্ষে বেশ কিছু হোটেল-রেস্তোরাঁ সাহরির ব্যবস্থা করেছে। এর মধ্যে স্টার হোটেল অ্যান্ড কাবাবের বনানী, ফার্মগেট, কারওয়ান বাজার, জয়কালী মন্দির, এলিফ্যান্ট রোড, জনসন রোড, ধানমন্ডি-২, মগবাজার ও গুলিস্তান শাখায় আছে সাহরির ব্যবস্থা। গরুর মাংস বাদে মিলবে স্টারের নিয়মিত সব খাবার। জনপ্রতি মাছ-ভাত খেলে খরচ ২৩০ টাকা, মাংস-ভাত ১৫০ টাকা।
পুরান ঢাকার হোটেল আল-রাজ্জাকেও আছে সাহরির ব্যবস্থা। মিলবে সাদা ভাত, মাছ, মাংস, রুটিসহ নিয়মিত খাবারের সব পদ। জনপ্রতি মাছ-ভাতে লাগবে প্রায় ৪০০ টাকা, মাংস-ভাতে খরচ পড়বে ৩৫০ টাকা। এ ছাড়া সাহরির আয়োজনে আলাউদ্দিন রোড, ঠাটারীবাজার, রায়সাহেব বাজার, চানখাঁরপুল, নাজিরাবাজার ও বংশাল এলাকার আল-ইসলাম, কালামস কিচেন, ঘরোয়া, ক্যাফে ইউসুফ, কামাল হোটেল, মামুন বিরিয়ানি, নাজিরিয়া, রাজধানী ও সোহাগ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বেশ নামডাক আছে।
হোটেল আল-রাজ্জাকের বিপণন ব্যবস্থাপক রানা হোসেন প্রথম আলোকে বলেন, ‘সাহরিতে আমরা মানসম্পন্ন খাবার পরিবেশন করছি। স্বাদ একই আছে। সাহরির খাবারে ভারী মসলার ব্যবহার কমানো হয়েছে। খাবার স্বাস্থ্যকর করতে আমরা বিশেষ খেয়াল রাখছি।’
নতুন ঢাকার অনেক রেস্তোরাঁয়ও আছে সাহরির ব্যবস্থা। এর মধ্যে গ্লোরিয়া জিনসের গুলশান-১, ২ ও ধানমন্ডি শাখায় পাবেন মাটন রেজালা, আচারি বিফ এবং ফিশেন মাস্টার। সঙ্গে ভাত আর সবজি। জনপ্রতি খরচ ৬৩২ টাকা। বনানীর হোটেল সেরিনায় তাদের তৈরি করা খাবারের পাশাপাশি পছন্দের খাবারের ফরমাশও দেওয়া যাবে। জনপ্রতি খরচ ১ হাজার ৫০০ টাকা। বাংলামোটরের সেভেন হিল রেস্টুরেন্টে রয়েছে সাহরির ব্যবস্থা। জনপ্রতি খরচ পড়বে ৫৫০ টাকা। ফুড রিপাবলিকের ধানমন্ডি ও বনানী শাখায়ও আছে সাহরির আয়োজন। পাবেন ১৪ পদের খাবার। জনপ্রতি লাগবে প্রায় ৫৩০ টাকা। এখানে প্রতি তিনজনে একজন বিনা মূল্যে সাহরি খেতে পারবেন। ধানমন্ডির গুহা দ্য কেভ কিচেন ও কমিক ক্যাফেতেও রয়েছে সাহরির সুবিধা। এ ছাড়া বনানীর ১১ নম্বর সড়কে আরও প্রায় ৩০টি রেস্তোরাঁয় আছে সাহরি খাওয়ার ব্যবস্থা।
সব হোটেল-রেস্তোরাঁয়ই সাহরির কার্যক্রম শুরু হয় রাত দেড়টা থেকে দুইটার মধ্যে। চলে সাহরির শেষ সময় পর্যন্ত।