রোগে আক্রান্ত হয়ে দেশে যত মানুষ মারা যায় তার ষষ্ঠতম প্রধান কারণ ক্যানসার। ক্যানসারে আক্রান্ত হওয়া ও মৃত্যুর হার প্রতিবছর বাড়ছে। ঝুঁকির তুলনায় সেবার সুযোগ সীমিত, সারা দেশে চিকিত্সক মাত্র ১০৫ জন। ক্রমেই বাড়তে থাকা ক্যানসারের ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বাড়ানো প্রয়োজন। বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ঢাকা আহ্ছানিয়া মিশন ভবনে আয়োজিত সেমিনারে আলোচকেরা এসব কথা বলেন। আহ্ছানিয়া মিশন ক্যানসার হাসপাতাল এ সেমিনারের আয়োজন করে। সেমিনারের প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির বলেন, কমিউনিটি ক্লিনিকগুলোতে ক্যানসার নির্ণয়ের জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। দক্ষ জনবল তৈরির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ক্যানসার সচেতনতায় সরকার ও বেসরকারি সংস্থাকে একযোগে কাজ করতে হবে। সেমিনারে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম বলেন, ক্যানসার বিষয়ে সচেতনতা তৈরিতে স্বাস্থ্য শিক্ষা ব্যুরোকে উদ্যোগী হতে হবে। ক্যানসার বিশেষজ্ঞ চিকিত্সক তৈরিতে সরকারের সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, এ বছরের শেষের দিকে আহ্ছানিয়া মিশন ক্যানসার হাসপাতাল চালু করা হবে। সেমিনারে বক্তব্য দেন জাতীয় অধ্যাপক এম আর খান, আমস্টার্ডাম ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক এ বি এম এফ করিম, আহ্ছানিয়া মিশন ক্যানসার হাসপাতালের প্রকল্প পরিচালক লুত্ফর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মো. আকরাম হোসেন, মিরপুর ক্যানসার নির্ণয় কেন্দ্র ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সৈয়দ ফজলে রহিম।বিশ্ব ক্যানসার দিবসের এ বছরের প্রতিপাদ্য বিষয় ‘ক্যানসার প্রতিরোধযোগ্যও বটে।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে একটি হচ্ছে ক্যানসার। এই সংস্থার প্রাক্কলনে বলা হচ্ছে, বর্তমান ধারা চলতে থাকলে ২০০৫ থেকে ২০১৫ সালের মধ্যে সারা বিশ্বে সাড়ে আট কোটি মানুষ এই রোগে মারা যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ধূমপান বন্ধ করলে ক্যানসারের প্রকোপ কমবে। সংস্থাটির মতে, স্বাস্থ্যসম্মত খাদ্য ও নিয়মিত শরীরচর্চা ক্যানসার প্রতিরোধে সহায়ক। ক্যানসার থেকে দূরে থাকার জন্য মদ্যপান কমাতে হবে এবং যেসব সংক্রমণ ক্যানসারের জন্য দায়ী তা প্রতিরোধ করতে হবে।দিবসটি উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা বের করে দিগন্ত মেমোরিয়াল ক্যানসার ফাউন্ডেশন। বিচারপতি আবদুর রউফের নেতৃত্বে শোভাযাত্রাটি জাতীয় প্রেসক্লাব থেকে শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।