ঘুষ চাওয়ার মামলা সম্পর্কে গণপূর্ত মন্ত্রণালয়ের ব্যাখ্যা
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের বিরুদ্ধে মামলা দায়ের সম্পর্কে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে বক্তব্য দেওয়া হয়েছে।১০ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শওকত হোসেনের বিরুদ্ধে নালিশি মামলার আবেদনটি করেন মতিঝিলের বাসিন্দা নাজিম হাবিবুজ্জামান। এ নিয়ে গতকাল প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।গতকাল বুধবার মন্ত্রণালয়ের বক্তব্যে বলা হয়, বঙ্গবন্ধু সরকারের সময়ে দালাল আইনে স্বাধীনতাবিরোধী রাজাকার এবং ইয়াহিয়া খানের সাবেক মন্ত্রী ওয়াহিদুজ্জামানের (খান্দু মিয়া) নাগরিকত্ব বাতিল হয়। তাঁর সম্পত্তি পরিত্যক্ত ঘোষিত হয়। ওয়াহিদুজ্জামানের ছেলে নাজিম হাবিবুজ্জামান। নাজিমের দাবি, বঙ্গবন্ধুর মৃত্যুর পর তাঁর বাবা নাগরিকত্ব ফেরত পান এবং নালিশি সম্পত্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবমুক্ত করা হয়। এ বিষয়ে দাবিদার হাইকোর্টে রিট আবেদন করলে তা খারিজ হয়ে যায়, সরকারের পক্ষে রায় হয়। এরপর দাবিদার আপিল বিভাগে আবেদন করলে সরকারের বিপক্ষে রায় হয়। কিন্তু আপিলের রায়ে উল্লিখিত ওয়াহিদুজ্জামানের নাগরিকত্ব বাতিলের রায়ের আদেশ রদ, নালিশি সম্পত্তি অবমুক্তকরণের আদেশের মূলকপি নাজিম হাবিবুজ্জামান দাখিল করতে পারেননি। তিনি একটি ফটোকপি দিয়েছেন, যা পাঠযোগ্য নয়। এ ছাড়া তিনি আবেদনে সম্পত্তির যে পরিমাণ উল্লেখ করেছেন, তা নিয়ে গরমিল রয়েছে। এসব কারণে মন্ত্রণালয় আপিল বিভাগে রিভিউ দায়েরের সিদ্ধান্ত নিয়ে সলিসিটর বরাবর রিভিউ দায়েরের প্রস্তাব পাঠিয়েছে। বিষয়টি বর্তমানে উচ্চ আদালতে বিবেচনাধীন রয়েছে। তাই ওই সম্পত্তি অবমুক্ত করার জন্য মন্ত্রণালয়ের কারও পক্ষে অর্থ দাবি করার প্রশ্নই ওঠে না। এটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং সচিবসহ মন্ত্রণালয় তথা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্ত বলে মন্ত্রণালয়ের বক্তব্যে দাবি করা হয়।