ঘুষ দাবির অভিযোগে সিভিল এভিয়েশন কর্মকর্তার বিরুদ্ধে মামলা
ক্ষমতার অপব্যবহার ও ঘুষ চাওয়ার অভিযোগে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) এয়ার ক্র্যাফট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লাইসেন্স ডিপার্টমেন্ট উপপরিচালক গোলাম সারোয়ারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল রোববার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রূপসী বাংলা এয়ারলাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসেন এ মামলা করেন। ১৯৭৪ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(১)এ, (ডি)ও,৫(২) ও দণ্ডবিধির ১৬১ ধারায় এ মামলা করা হয়েছে। মহানগর দায়রা জজ জহুরুল হক বাদীর জবানবন্দি গ্রহণ করেন। আদালত অভিযোগের বিষয় তদন্ত করে দুর্নীতি দমন কমিশনকে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন। মামলার আরজিতে বলা হয়, ২০০৭ সালের ২৮ মে তৎ কালীন প্রধানমন্ত্রীর কার্যালয়, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান নজরুল ইসলাম এবং বাংলাদেশ হাইকমিশনার এম আর খলিল মামলার বাদী কানাডা প্রবাসী আফজাল হোসেনকে বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানান। এ প্রেক্ষাপটে তিনি সরকারের সঙ্গে এভিয়েশন ব্যবসা করার জন্য একটি চুক্তিতে সই করেন। বাদী রূপসী বাংলা এয়ারলাইনসের নামে দুটি যাত্রীবাহী বিমান কেনেন। বিমান দুটি কারিগরি ছাড়পত্রের জন্য আবেদন করলে আসামি বাদীর কাছে ঘুষ দাবি করেন। ঘুষ না দেওয়ায় ৫৩ দিন পর বিমান দুটির ছাড়পত্র দেওয়া হয়। অথচ সিভিল এভিয়েশন আইনে এ ধরনের আবেদনে এক দিনের মধ্যে ছাড়পত্র দেওয়া ও একটি অনাপত্তি দেওয়ার বিধান রয়েছে। আরজিতে উল্লেখ করা হয়, এ বছরের ৭ এপ্রিল বাদী আফজাল হোসেন পুনরায় আসামির কার্যালয়ে গিয়ে আমদানিসংক্রান্ত অনাপত্তি চাইলে গোলাম সারোয়ার ১০ লাখ টাকা ঘুষ দাবি করেন। গত ২৩ মে তিনজন পরিদর্শক ফিলিপাইনে বিমান দুটি পরিদর্শন করেন। কিন্তু ঘুষ না দেওয়ায় দেশে ফিরে প্রতিবেদন দেওয়া হবে বলে জানান সারোয়ার। অভিযুক্ত সিএএবি কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে ওই প্রতিবেদন জমা দিতে দেরি করেন। দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ। বাদীর পক্ষে মামলা করেন মিজানুর রহমান।