ঘুষ নেওয়ার অভিযোগে গত মঙ্গলবার এক কাস্টমস কর্মকর্তা গ্রেপ্তার হওয়ার পর গতকাল বুধবার সকালে প্রায় এক ঘণ্টা কাজ বন্ধ রেখেছিলেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা। এ সময় বিমানবন্দরে কয়েক শ দেশি-বিদেশি যাত্রী ও বিমান ক্রুকেও আটকে রাখা হয়।সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে কলকাতা থেকে ঢাকায় আসা যাত্রী আলমগীর মণ্ডলের কাছ থেকে ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা জহর লাল বিশ্বাস নামের একজন সহকারী রাজস্ব কর্মকর্তাকে গ্রেপ্তার করেন। পরে যাত্রী আলমগীর মণ্ডল বিমানবন্দর থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা করেন। জহরের পকেট থেকে ঘুষের ১৫ হাজার টাকাও জব্দ করে পুলিশ। এ ঘটনার পর থেকেই শুল্ক বিভাগের কর্মকর্তারা ক্ষোভে ফুঁসছিলেন।এরপর গতকাল সকালে কাস্টমস হলের বাইরে সিঙ্গাপুর থেকে আসা যাত্রী সুমন সারওয়ারকে সন্দেহ করে আটকান এপিবিএনের কনস্টেবল হাবিবুর রহমান। এরপর তাঁকে কাস্টমস কর্মকর্তাদের কাছে নিয়ে গেলে এপিবিএনের বিরুদ্ধে যাত্রী হয়রানির অভিযোগ তুলে বিক্ষুব্ধ হয়ে ওঠেন কাস্টমস কর্মকর্তারা। একপর্যায়ে তাঁরা কাজ বন্ধ করে দিয়ে বিমানবন্দরের ভেতরে স্ক্যানিং মেশিনের কাছে জড়ো হতে শুরু করেন। এ সময় টার্মিনাল থেকে বের হওয়ার দুটি দরজাও বন্ধ করে দেওয়া হয়। ভেতরে আটকা পড়েন কয়েক শ যাত্রী ও ক্রু। সকাল নয়টার দিকে শুরু হওয়া এ বিক্ষোভ চলে প্রায় ৫০ মিনিট।এপিবিএনের কর্মকর্তারা এ ঘটনার জন্য কাস্টমস কর্মকর্তাদের দায়ী করে বলেছেন, বিভিন্ন সময় তাঁরা যাত্রীদের হয়রানি করেন এবং উৎকোচ আদায় করেন। এপিবিএনের সদস্যরা এসব ঘটনা ধরে ফেললে তাঁরা খেপে যান। এদিকে কাস্টমস কর্মকর্তারা বলছেন, এপিবিএনের সদস্যরা এখতিয়ারবহির্ভূতভাবে যাত্রী হয়রানি করে চলেছেন।এপিবিএনের সহকারী পুলিশ সুপার মিনহাজুল ইসলাম বলেন, মঙ্গলবারের গ্রেপ্তারের ঘটনার জের ধরে গতকাল কর্মকর্তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন।এদিকে কাস্টমসের অতিরিক্ত কমিশনার আনোয়ার হোসাইন প্রথম আলোকে বলেন, এই বিমানবন্দর থেকে প্রতিদিন ১৫ থেকে সর্বোচ্চ ৩০ হাজার লোক যাতায়াত করেন। এর মধ্যে ৯০ শতাংশই হলেন প্রবাসী শ্রমিক। তাঁদের কাছে শুল্কায়নের মতো বিশেষ মালামালও থাকে না। আইন অনুযায়ীও (এসআরও নং ১৭২-এর ৭(২)) কাস্টমস কর্মকর্তারা বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমকারী সর্বোচ্চ ৫ শতাংশ যাত্রীর ব্যাগের তল্লাশি ও স্ক্যানিং করতে পারেন। এ ধরনের যাত্রীরা কাস্টমস হল পেরিয়ে যাওয়ার পর এপিবিএনের সদস্যরা তাঁদের বিভিন্ন সময় আবারও ধরে নিয়ে আসেন। যাত্রীরা বিভিন্ন সময় এ বিষয়ে অভিযোগ করেছেন। এ রকমই একজনকে গতকাল সকালে ধরে নিয়ে এলে কর্মকর্তারা খেপে ওঠেন। আনোয়ার বলেন, পরে তিনি গিয়ে সবাইকে শান্ত করেন।এপিবিএনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাস্টমস কর্মকর্তা আনোয়ার হোসেনের নির্দেশেই সব কর্মকর্তা কাজ বন্ধ করে যাত্রীদের আটকে রাখেন।