ঘুষ লেনদেনের অভিযোগ দুই প্রকৌশলী চাকরিচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিকাদারের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীসহ দুই প্রকৌশলীকে চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ। একই অভিযোগে অবসরপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলীর অবসরকালীন সুবিধা বাতিল এবং এক সহকারী পরিচালকের দুটি ইনক্রিমেন্ট বাতিল করা হয়েছে। অভিযুক্ত ঠিকাদারের সঙ্গে চুক্তিও বাতিল করা হয়েছে।ঘুষ লেনেদেনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সিদ্ধান্ত গ্রহণ করে বলে জানা গেছে। তদন্ত কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন অর রশিদ এ বিষয়ে প্রথম আলোকে বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাঁরা ঘুষ নেওয়ার কথা স্বীকার করেছেন। এখন তাঁদের শাস্তি বাস্তবায়নের আনুষ্ঠানিক কাজ সম্পন্ন করা হবে। তিনি বলেন, ঠিকাদার ঘুষ না দিয়ে আগের কর্তৃপক্ষকে বিষয়টি জানাতে পারতেন। কিন্তু তিনি তা না করে ঘুষ দিয়েই যাচ্ছিলেন। এতে বিশ্ববিদ্যালয়ের কাজ শেষ হয়নি। তাই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।চাকরিচ্যুত ব্যক্তিরা হলেন, প্রধান প্রকৌশলী আমীর হোসেন ও সহকারী প্রকৌশলী আনিছুর রহমান। অবসরপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী গোলাম মোস্তফার অবসর সুবিধা পেনশন স্থগিত করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ও ফৌজদারি মামলা দায়েরের সিদ্ধান্ত দিয়েছে সিন্ডিকেট। প্রকৌশল বিভাগের সহকারী পরিচালক (হিসাব) সামছুল আলমের দুটি ইনক্রিমেন্ট স্থগিত ও তাঁর দপ্তর পরিবর্তন করা হয়েছে। অনিয়মের সঙ্গে জড়িত থাকায় ঠিকাদার ইয়াকুবুজ্জামানের সঙ্গে চুক্তি বাতিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজে তাঁকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া কাজ বিলম্ব হওয়ায় ক্ষতিপূরণ আদায়ের জন্য মামলা করা যায় কি না তাও কর্তৃপক্ষকে খতিয়ে দেখতে বলেছে সিন্ডিকেট।প্রশাসনিক ভবন সূত্রে জানা যায়, ২০০৮ সালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠসংলগ্ন জিমনেশিয়ামের ভবন নির্মাণ, প্রি-ইঞ্জিনিয়ার্ড স্টিল রুফিং ও আনুষঙ্গিক কাজের জন্য দুই কোটি ২০ লাখ টাকার কাজ পায় গোল্ডেন জালালাবাদ কনসোর্টিয়াম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ করার আগে কাগজপত্রের সঙ্গে সোনালী ব্যাংকের ইব্রাহিমপুর শাখার ৩৩ লাখ তিন হাজার টাকার ব্যাংক নিরাপত্তার কাগজ জমা দেয় প্রতিষ্ঠানটি। পরে ওই কাগজ জাল বলে প্রতীয়মান হয়। এরপর প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ইয়াকুবুজ্জামান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন, প্রধান প্রকৌশলী আমীর হোসেনসহ অন্য প্রকৌশলীরা তাঁর কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়েছেন। তাঁরাই ঘুষ নিয়ে ব্যাংক নিরাপত্তার কাগজ তৈরি করে দিয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষ সহ-উপাচার্য হারুন অর রশীদকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ।তদন্তে যুক্ত শিক্ষকেরা জানান, ওই কাজের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই কোটি ৭৫ লাখ টাকার টেন্ডার ডাকে। এরপর বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী গোলাম মোস্তফা তালুকদারের মধ্যস্থতায় প্রধান প্রকৌশলীর কক্ষে বসে সাত লাখ টাকা ঘুষ দেওয়ার শর্তে দুই কোটি ২০ লাখ টাকায় কাজটি পান ঠিকাদার ইয়াকুবুজ্জামান। এই সাত লাখ টাকার বাইরেও প্রকৌশলীরা বিভিন্ন সময় ঠিকাদারের কাছ থেকে টাকা নিয়েছেন। ঠিকাদারের সঙ্গে প্রকৌশলীদের মুঠোফোন আলাপচারিতা সিডিতে ধারণ করে প্রমাণ হিসেবে জমা দিয়েছেন ঠিকাদার।শিক্ষকেরা জানান, ঘুষের সাত লাখ টাকার মধ্যে কয়েক দফায় তত্ত্বাবধায়ক প্রকৌশলী গোলাম মোস্তফাকে সাড়ে তিন লাখ দিয়েছেন ঠিকাদার ইয়াকুবুজ্জামান। এর মধ্যে প্রধান প্রকৌশলী যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে এক লাখ টাকা নেন বলে প্রমাণিত হয়েছে। ভুয়া ব্যাংক নিরাপত্তার কাগজ গোলাম মোস্তফা তৈরি করেছিলেন বলে প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। তারপরও এ জাল ব্যাংক নিরাপত্তার কাগজ নবায়নের কথা বলে তিন দফায় ঠিকাদারের কাছ থেকে আরও ৩০ হাজার টাকা নেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী।