ঘুড়ি বিক্রি হচ্ছে ধুমসে কাল সাকরাইন
পঞ্জিকামতে বাংলা পৌষ মাসের শেষের দিন উদ্যাপন করা হয় পৌষসংক্রান্তি। বাঙালি সংস্কৃতিতে এটি একটি বিশেষ উৎসবের দিন। আগামীকাল শুক্রবার পৌষসংক্রান্তি উপলক্ষে পুরান ঢাকার বাড়িতে বাড়িতে চলবে ঘুড়ি উৎসবের আয়োজন। এ উপলক্ষে ঘুড়ি বিক্রি হচ্ছে ধুমসে।
বর্তমানে ‘পৌষসংক্রান্তি’ শুধু ‘সংক্রান্তি’ নামে পরিচিতি লাভ করেছে; আর পুরান ঢাকার মানুষ একে বলে ‘সাকরাইন’। দিনটি ঘুড়ি উৎসব হিসেবেই বেশি পরিচিত। এই দিন বাড়িতে উপাদেয় পদের খাবার রান্না করা হয়। পুরান ঢাকার সূত্রাপুর, মিলব্যারাক, হাজারীবাগ, সদরঘাট, নবাবপুর, লালবাগ, চকবাজার, বংশাল, ওয়ারী, গেন্ডারিয়া ও পোস্তগোলা এলাকার মানুষ এখনো সাকরাইন উৎসব উদ্যাপন করে থাকেন।
পৌষসংক্রান্তি উপলক্ষে পুরান ঢাকায় পড়েছে ঘুড়ি বিক্রির ধুম। ঘুড়ির আছে হরেক রকমের বাহারি নাম—চোখদার, পানদার, বলদার, দাবাদার, লেজওয়ালা, পতঙ্গ প্রভৃতি। বাংলাদেশের পতাকার আদলে আছে লাল-সবুজ রঙা ঘুড়ি। রয়েছে বিদেশি ঘুড়িও।