ঘের ও সিএনজি স্টেশন বড় কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ এলাকায় এবার জলাবদ্ধতা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। জলাভূমি ভরাট করে সিএনজি স্টেশন নির্মাণ, পানিপ্রবাহ এলাকায় অবৈধ মাছের ঘের তৈরি, স্থাপনা বৃদ্ধিসহ বিভিন্ন সেবা সংস্থার মধ্যে সমন্বয়হীনতা এবং স্থানীয় প্রভাবশালীদের স্বেচ্ছাচারিতা এমন পরিস্থিতির জন্য দায়ী। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও ঢাকা ওয়াসার দায়িত্বশীল সূত্র এবং এলাকায় গিয়ে এ তথ্য জানা যায়। বাঁধের ভেতরে প্রায় ১০০ কিলোমিটার খালের মধ্যে বছর তিনেক আগে ৩২ কিলোমিটার অংশ পরিষ্কার করা হয়। এবার পরিষ্কার করা হয় শামপুর খাল, তিতাস খাল ও জিয়া সরণিসংলগ্ন জলাধারের ভাসমান বর্জ্য। তারপরও দৈনন্দিন বর্জ্যে খাল নতুন করে ভরাট হয়ে যাচ্ছে। খালগুলোর তলায় কঠিন বর্জ্যের স্তর সৃষ্টি হওয়ায় সেগুলো কাটতে সমস্যা হচ্ছে বলে পাউবো সূত্র জানায়। বৃষ্টি হলে যাত্রাবাড়ীর পার্শ্ববর্তী কুতুবখালীসহ আশপাশের এলাকায় পানি নেমে গেলেও বাঁধের ভেতরের সারুলিয়া, ডগাইর, দেইলা, গোবিন্দপুর, রসুলপুর, দৌলতপুর, মুন্সিবাগ, আদর্শনগর, কান্দাপাড়া, সাহেবপাড়া, সানারপাড়, বাগমারা, মৌচাক, কুতুবআইল, নয়ামাটি, চানমারী ও শহীদনগর এলাকায় পানি আটকে থাকে। স্থানীয়রা জানান, গত কয়েক বছর বর্ষা মৌসুমে তাঁদের বর্জ্যভর্তি পানির কারণে মানবেতর জীবন যাপন করতে হয়েছে। এবারও একই দুর্ভোগের আশঙ্কা করছেন তাঁরা। অবৈধ মাছের ঘের: ডিএনডি বাঁধের ভেতরে মাতুয়াইল দক্ষিণ পাড়া ও মোগলপাড়া এলাকায় বছর তিনেক আগে মাছের ঘের ছিল সাতটি। বর্তমানে অন্তত ২৪টি ঘের গড়ে উঠেছে। মাছ চাষ করতে গিয়ে ঘেরের মালিকেরা নিজেদের প্রয়োজনে পানিপ্রবাহ বন্ধ করে রাখে। সম্প্রতি এলাকায় গিয়ে দেখা যায়, কয়েক দিন আগের বৃষ্টির পানি সরে যাওয়ার পথ পাচ্ছে না। হায়দারের খামার, খানসাহেবের খামারসহ বড় বড় খামার রয়েছে মোগলপাড়া এলাকায়। একটি মাছের ঘের দেখা গেল এক একরেরও বেশি আয়তনের। রীতিমতো পাকা দেয়াল দিয়ে তৈরি করা হয়েছে সেটি। আবদুস সালাম নামে ঘেরের এক কর্মচারী জানান, জায়গাটি তাঁর মালিকের। তবে এলাকাবাসী বলছেন, এখানে খাসজমিও রয়েছে।পাউবোর প্রধান প্রকৌশলী (কেন্দ্রীয়) হুমায়ুন কবির বলেন, ঘের অপসারণের জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সিএনজি স্টেশন: খোঁজ নিয়ে জানা যায়, ২০০৩ সালে যাত্রাবাড়ী থেকে মৃধাবাড়ী পর্যন্ত ডিএনডি বাঁধের ভেতরে ১৫টিসহ এলাকায় ২২টি সিএনজি স্টেশন তৈরির জন্য জায়গা বরাদ্দ দেওয়া হয়। রাস্তার দুই পাশের জলাভূমি ও পরিখা ভরাট করে এই বরাদ্দ দেওয়া হয়। এলাকাবাসী জানান, বৃষ্টি হলেই পানি গড়িয়ে বাঁধের ভেতরের লোকালয়ে ঢুকে পড়ে।ডিএনডি বাঁধ এখন: ষাটের দশকে নারায়ণগঞ্জের দুটি ইউনিয়নসহ ঢাকার শহরতলির আট হাজার ৩৪০ হেক্টর জমি নিয়ে ডিএনডি বাঁধ সেচ প্রকল্প হাতে নিয়েছিল পাউবো। ওই সময় পুরো এলাকায় ৪৫ কিলোমিটার ড্রেনেজ লাইন নির্মাণ করা হয়েছিল। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কিছু ড্রেনেজ লাইন পরিষ্কার করা হলেও অনেক অংশই এখনো ভরাট হয়ে আছে। প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, এ বছর বাঁধের ভেতরের জলাবদ্ধতা ঠেকাতে পাউবোর প্রস্তুতি আছে। শ্যামপুর, তিতাস খালসহ কয়েকটি খালের ভাসমান বর্জ্য পরিষ্কার করা হয়েছে। ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক লিয়াকত আলী বলেন, পানি নিষ্কাশনের জন্য ডিএনডি বাঁধ এলাকায় তিনটি শক্তিশালী পাম্প রয়েছে। পানি নিষ্কাশনে প্রতিবছরের মতো এবারও তাঁরা সহায়তা করছেন।