চওড়া হলো না রাস্তাটি দোকানের নিচে নর্দমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিশ্রুতি ছিল রাস্তাটিকে আগের মতো ৬০ ফুট প্রস্থে ফিরিয়ে দেওয়ার। পথ চলতে হোঁচট খেতে হবে না। যানজট, জলজট থাকবে না। দুই পাশে নালাগুলো থাকবে চওড়া ও সুগভীর। ফুটপাত ধরে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে এলাকাবাসী। কিন্তু তা তো হলোই না; উল্টো দায়সারাভাবে রাস্তা কার্পেটিং করা হলো। ফাঁকি নর্দমা, ফুটপাত সবকিছুতেই। রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের বাসস্ট্যান্ড থেকে বড় মসজিদ (বায়তুল মোয়াজ্জেম) পর্যন্ত রাস্তা এটি।মাস তিনেক আগে ঢাকঢোল পিটিয়ে শুরু হয়েছিল রাস্তা মেরামত ও আনুষঙ্গিক কাজ। তার আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে শুরু হয় অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ। কিন্তু বর্তমানে রাস্তাটি আগের মতোই সরু থাকায় নানা ধরনের দুর্ভোগে আছে ১১ নম্বর সেকশনের এ-ব্লক, বি-ব্লক, সি-ব্লক, ই-ব্লক, সবুজবাগ, পলাশনগর, লালমাটিয়া, বাউনিয়া বাঁধের প্রায় তিন লাখ মানুষ। কেননা, ১১ নম্বর সেকশনের বাসস্ট্যান্ডে যাতায়াতের একমাত্র পথ এটি।ডিএনসিসি সূত্র জানায়, ১১ নম্বর সেকশনের এই রাস্তা ছাড়াও মিরপুর ১০ থেকে ১৪ নম্বর সেকশন এবং আরও কিছু রাস্তা-ফুটপাত-নর্দমা মেরামতের জন্য প্রায় ৪০ কোটি টাকা বরাদ্দ হয়। উচ্ছেদকাজ শেষ না করে ১১ নম্বর সেকশনের রাস্তাটি দায়সারাভাবে মেরামত করা হয়। দোকানের নিচে নর্দমা: এলাকার বাসিন্দা সৈয়দ মিজুসহ কয়েকজন জানান, কিছু দোকানের সামনের অংশ ভাঙা হলেও বেশির ভাগ ক্ষেত্রেই অবৈধ স্থাপনাগুলো এড়িয়ে যাওয়া হয়েছে। অবৈধ দখলদারদের সঙ্গে উচ্ছেদকারীদের কীভাবে দফারফা হয়, জানতে পারেননি তাঁরা। তবে তাঁরা দেখেছেন, রাস্তার দুই পাশে নর্দমা তৈরি করতে গিয়ে অনেক দোকানের ভেতরে গর্ত খোঁড়া হয়েছে। তার ওপর পাটাতন দিয়ে দখল বজায় রাখা হয়েছে। অভিযোগের সূত্র ধরে খোঁজ করলে পাওয়া যায় এ ধরনের বেশ কিছু দোকান। বিশেষ করে রাস্তার দক্ষিণ পাশে বিশাল অংশজুড়ে গড়ে ওঠা অবাঙালি ক্যাম্পের সামনের জায়গা দখল করে জুতা, লেপ-তোশক, ঘড়ি, রেস্তোরাঁসহ নানা পণ্যের দোকানগুলো। এগুলোর নিচে নর্দমা তৈরি হয়েছে। কয়েকজন দোকানি স্বীকার করেন, সিটি করপোরেশন ও ঠিকাদারের লোকদের পরামর্শে তাঁরা দোকানের আয়তন আগের অবস্থায় রেখে কাজটি করতে পেরেছেন। এর জন্য অবশ্য একেকজন দোকানিকে দিতে হয়েছে ৭ থেকে ১২ হাজার টাকা। এদিকে নর্দমা হলেও সামান্য বৃষ্টি হলে কিছু রাস্তার ধারে পানি জমে থাকে। সোনালী পাগড়ি স্টোরের সামনে রাস্তার ধারে পানি জমে থাকতে দেখে জানতে চাইলে কয়েকজন দোকানি জানান, এখানে এবং ঢালপাড় সড়কসহ অনেক অংশে নর্দমা আদৌ তৈরিই হয়নি। ঢালপাড়ের রাস্তা সবচেয়ে সরু। এরপর মাটিকাটা এলাকায় আবার রাস্তা চওড়া হয়েছে। রাস্তার মাঝখানে অর্ধশত দোকান: এলাকায় গিয়ে দেখা যায়, ১১ নম্বর সেকশনে ব্র্যাক ব্যাংক থেকে পূর্ব দিক বরাবর রাব্বানী মিষ্টান্ন ভান্ডার পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এলাকার রাস্তা কিছুটা চওড়া। এরপর প্রায় এক কিলোমিটার রাস্তা আগের মতোই সরু। মিষ্টান্ন ভান্ডারটি পড়েছে রাস্তার প্রায় মাঝখানে। এরপর জুনায়েদ ফ্যাশন, জননী বস্ত্র বিতান, আনিছ ভ্যারাইটি স্টোর, জে এস ট্রেডিং ছাড়াও নিউ সোসাইটি মার্কেটের বেশ কিছু দোকান পড়েছে।রাব্বানী মিষ্টান্ন ভান্ডারসহ কয়েকটি দোকানের পক্ষ থেকে জানানো হয়, তারা বৈধভাবেই অনেক আগে থেকে এখানে অবস্থান করছে। তাদের পক্ষে হাইকোর্টের আদেশও আছে। দৃষ্টি আকর্ষণ করার জন্য সেখানে একটি সাইনবোর্ড টাঙানো হয়েছে। লেখা আছে: ‘নিউ সোসাইটি মার্কেট, মিরপুর ১১ নং সেকশনস্থিত এভিনিউ ১, ৩, ৪, ওয়ার্ড ৩, ৫, থানা পল্লবী, মিরপুর, ঢাকা ১৬-এর উচ্ছেদ আদেশের বিপরীতে মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থিতাবস্থার আদেশ বহাল আছে।’এলাকার প্রবীণ বাসিন্দা মাজহারুল ইসলাম বলেন, ‘আশির দশকে রাস্তাটি ছিল ৬০ ফুট প্রস্থের। এখন কোথাও ১৫ ফুট, কোথাও কিছু বেশি। আশা করেছিলাম, এবার সমস্যার সমাধান হবে। কিন্তু খুব একটা হলো না।’ ডিএনসিসির স্থানীয় আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেন গতকাল রোববার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, রাস্তা মেরামত বা চওড়া করা এবং নর্দমা নির্মাণ যতটুকু সম্ভব সম্পন্ন করা হয়েছে। দায়সারাভাবে রাস্তা কার্পেটিং করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তা অস্বীকার করে বলেন, তিনি অসুস্থ, পরে কথা বলবেন।