চকবাজারে আগুনে প্লাস্টিকের গুদামসহ পাঁচ বাড়ি পুড়ে ছাই
পুরান ঢাকার চকবাজারের দেবিদাসঘাট এলাকায় গত মঙ্গলবার গভীর রাতে আগুনে দুটি প্লাস্টিকের গুদামসহ পাঁচটি বাড়ি পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার রাত সোয়া তিনটার দিকে দেবিদাসঘাট এলাকার কামালবাগে জাহাঙ্গীর আলমের দ্বিতীয় তলার টিনশেড বাড়ির নিচতলার প্লাস্টিকের গুদামে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের আবদুল কাদেরের টিনশেডের প্লাস্টিকের গুদামে ছড়িয়ে পড়ে। সেহির খেতে ওঠা স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা শুরু করে। এ সময় স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে ফোন করে আগুনের খবর জানায়। এরই মধ্যে আগুনের তীব্রতা বেড়ে গিয়ে পাশের কলি সরদারের আধাপাকা বাড়ি, আলাউদ্দিন মিয়ার দ্বিতীয় তলা ও মিজান মিয়ার তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে শেষ পর্যন্ত আগুন নেভাতে সক্ষম হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সূত্র জানায়, বৈদ্যুতিক গোলযোগে আগুনের সূত্রপাত হয়। চকাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, আগুন লাগার পরপরই টিনশেড বাড়ির লোকজন দ্রুত নেমে পড়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।