চকবাজারে গৃহবধূর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর চকবাজারে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
গতকাল মঙ্গলবার চকবাজার থানার বকশীবাজার এলাকার তিন নম্বর অরফানেজ রোডের করিম টাওয়ারে এ ঘটনা ঘটে। গৃহবধূ নাসিমা আক্তার (২১) করিম টাওয়ারের কেয়ারটেকার আলী হোসেনের স্ত্রী। নাসিমার বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার জগিবরাট গ্রামে।
হাসপাতালে নাসিমা আক্তারের স্বামী আলী হোসেন সাংবাদিকদের বলেন, দুপুরে তিনি বাচ্চাকে স্কুল থেকে আনতে বেরিয়ে যান। ফিরে এসে দেখেন নাসিমা ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। এরপর তিনি দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
এ ঘটনায় নাসিমার বোন রেশমা আক্তার চকবাজার থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। তাঁর বরাত দিয়ে চকবাজার থানার উপপরিদর্শক নকিবুল হাসান প্রথম আলোকে বলেন, বেশ কিছুদিন ধরে নাসিমা অসুস্থ ছিলেন। অনেক বলার পর আলী হোসেন তাঁকে ডাক্তারের কাছে নিয়ে যান। কিন্তু ডাক্তার ৩০ হাজার টাকা দামের তিনটি ইনজেকশন দেওয়ার কথা বললে সেটি দেওয়া নিয়েই তাঁদের মধ্যে মনোমালিন্য হয়। তারই জের ধরে নাসিমা আত্মহত্যা করে থাকতে পারেন বলে রেশমা ধারণা করছেন।