চকবাজারে বাসে আগুন
রাজধানীর চকবাজারের লবণঘাটে গতকাল বুধবার সকালে হানিফ এন্টারপ্রাইজের একটি বাস আগুনে পুড়ে গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র এ কথা জানিয়েছে। সূত্র জানায়, বাসটি গতকাল সকাল সাড়ে আটটার দিকে পুরান ঢাকার বাবুবাজার থেকে গাবতলী যাচ্ছিল। চকবাজারের লবণ কারখানার সামনে পৌঁছামাত্র বাসটির স্টিয়ারিং বিকল হয়ে যায়। এ সময় চালক ফরিদ হোসেন যাত্রীদের অন্য গাড়িতে তুলে দেন। এরপরই বাসটিতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের লালবাগের দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। আগুনে বাসটির অর্ধেকাংশ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা জিয়া উদ্দীন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন ধরেছে। তবে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, পুলিশ বিষয়টি নিশ্চিত হতে পারেনি। বাসের চালক দেলোয়ার হোসেন এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন (জিডি)। থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) ইফতেখার হোসেন জানান, জিডিতে বলা হয়েছে, বাসের স্টিয়ারিং বিকল হয়ে যাওয়ার পর তিনি (চালক) লালবাগের কেল্লার মোড়ে মিস্ত্রি আনতে যান। সেখান থেকে মিস্ত্রি নিয়ে ফিরে দেখেন বাসটিতে আগুন জ্বলছে। বাসে কেউ আগুন ধরিয়ে দিয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়।