চকবাজারের ইফতারি বিক্রেতা ছয়জনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতারির জুড়ি নেই। সারা দেশেই এর সুনাম রয়েছে। কিন্তু এখানে তৈরি অনেক ইফতারসামগ্রীতে পচা ও গন্ধযুক্ত উপাদান ব্যবহার করা হয়। ব্যবহার করা হয় নিষিদ্ধ রাসায়নিক উপাদানও। এ ছাড়া তৈরির পর ইফতারসামগ্রী খোলা রাখা হয়। এতে ইফতারির ওপর ধুলাবালি পড়ে। এসব প্রবণতা রোধে গতকাল বৃহস্পতিবার ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত চকবাজারে অভিযান চালান। এ সময় বিভিন্ন অপরাধে ছয়জন ইফতারি বিক্রেতাকে মোট এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। ভ্রাম্যমাণ আদালত গতকাল দুপুর ১২টায় চকবাজারের রতন মিয়ার জিলাপির দোকানে অভিযান চালান। ওই বিক্রেতা জিলাপি তৈরিতে মাওয়া (এক ধরনের মাখন) ও সোডা ব্যবহার করেন। এই মাওয়াগুলো থেকে পচা গন্ধ বের হচ্ছিল। এই অপরাধে আদালত ওই বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। রতন মিয়া সাংবাদিকদের জানান, তিনি ভাসমান কাপড়ের ব্যবসা করেন। রমজান শুরু হওয়ার পর এই ব্যবসায় নেমেছেন। তবে তিনি দাবি করেন সোডার পরিবর্তে তিনি মাওয়া ব্যবহার করছেন। আদালত একে একে হাফিজ, আবদুল আলীম ও সাহাবুদ্দিনের জিলাপির দোকানে অভিযান চালান। এসব দোকানের জিলাপি ঢাকনাবিহীন রাখা ছিল। এ ছাড়া জিলাপি তৈরিতে পরিমাণে অনেক বেশি সোডা ব্যবহার করা হয়েছে। এই অপরাধে হাফিজকে ১০ হাজার, সাহাবুদ্দিনকে ১৫ হাজার ও আবদুল আলীমকে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এরপর আদালত সেলিমের মালিকানাধীন ‘বড় বাপের পোলায় খায়’ দোকানে অভিযান চালান। সেখানে মুরগি ও খাসিসহ বিভিন্ন ধরনের মাংস রান্নার পর খোলা রাখা হয়েছে। এসব খাবারে ধুলাবালি পড়ছে। এ ছাড়া খাবারের ওপর দিয়ে মাছি উড়তে দেখা যায়। খাবার খোলা রাখার অপরাধে সেলিমকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আরিফের ইফতারির দোকানে খাবার খোলা রাখার অপরাধে তাঁকেও ৩০ হাজার টাকা জরিমানা করেন আদালত। ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন সাংবাদিকদের বলেন, এখানকার তৈরি করা ইফতারিগুলো ছিল ঢাকনাবিহীন। জিলাপি তৈরিতে পচা-বাসি উপাদান ব্যবহার করার প্রমাণ পাওয়া গেছে। এসব অপরাধে বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ ১৯৫৯-এর ২৩ ধারা অনুযায়ী ব্যবসায়ীদের এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআইয়ের কর্মকর্তা এস এম আবু সাঈদ সাংবাদিকদের বলেন, বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ অনুযায়ী খাবার তৈরিতে কোনো ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহারের সুযোগ নেই। গতকাল ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিএসটিআই, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০), চকবাজার থানা ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল অংশ নেয়।