চক্ষু বিভাগের প্রধান দুটি পদ শূন্য, চিকিৎসা কার্যক্রম ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান দুটি পদ দীর্ঘদিন ধরে শূন্য আছে। এতে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মিটফোর্ড হাসপাতালের চক্ষু বিভাগে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক অবসরকালীন ছুটিতে (এলপিআর) যাওয়ার কারণে পদ দুটি শূন্য হয়ে পড়ে। গত বছরের ৩১ ডিসেম্বর সহযোগী অধ্যাপকের পদটি শূন্য হয়। পরে বিভাগীয় প্রধানের অধ্যাপক পদটি চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি শূন্য হয়। এর পর থেকে সেখানে আর কাউকে নিয়োগ দেওয়া হয়নি। বর্তমানে একজন সহকারী অধ্যাপক দিয়ে বিভাগটির কাজ কোনোমতে চালানো হচ্ছে। বিভাগীয় প্রধানের পদ না থাকায় ওই বিভাগে কর্মরত শিক্ষানবিশ ও উচ্চতর শিক্ষানবিশ চিকিৎসকদের পাঠদানে সমস্যার সৃষ্টি হচ্ছে। চক্ষু বিভাগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার এই বিভাগে রোগী ভর্তি ছিল মাত্র ১৫ জন। এর মধ্যে পুরুষ ওয়ার্ডে নয়জন ও নারী ওয়ার্ডে ছয়জন। অথচ গত বছরের ২০ ডিসেম্বর রোগী ভর্তি ছিল ৩০ জন, ২১ ডিসেম্বর ৩৪ ও ২২ ডিসেম্বর ৩৪ জন রোগী ভর্তি ছিল। বর্তমানে তিন থেকে চারজন রোগীর অস্ত্রোপচার করা হয়। কিন্তু আগে ছয় থেকে সাতজন রোগীর অস্ত্রোপচার করা হতো। চিকিৎসকের সংকট থাকায় অতিরিক্ত রোগী ভর্তি করা সম্ভব হচ্ছে না। চক্ষু বিভাগের ওয়ার্ডে গিয়ে দেখা যায়, গত ২৭ এপ্রিল মঙ্গলবার কেরানীগঞ্জের পারগেন্ডারিয়ার বৃদ্ধা মোশেনা খাতুনকে ভর্তি করা হয়। গত বুধবার অর্থাৎ নয় দিন পর তাঁর চোখে অস্ত্রোপচার করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খাদেমুল ইনসান মোহাম্মদ ইকবাল প্রথম আলোকে বলেন, সংশ্লিষ্ট পদ পূরণের জন্য মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হয়েছে। খুব শিগগির পদ দুটি পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।