চট্টগ্রাম থেকে চুরি হওয়া কাপড়ভর্তি কনটেইনার ঢাকায় উদ্ধার
চট্টগ্রাম বন্দর থেকে চুরি হওয়া কাপড়ভর্তি একটি কনটেইনার রাজধানীর পুরান ঢাকার সদরঘাটের একটি মার্কেট থেকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় জড়িত অভিযোগে এক ব্যবসায়ী, কাভার্ড ভ্যানের চালক ও চালকের সহযোগীকে গ্রেপ্তার করা হয়।র্যাব-৩-এর উপপরিচালক এস এম সফিকুর রহমান প্রথম আলোকে জানান, চট্টগ্রাম বন্দর থেকে ৫৪ হাজার ৩৯৯ গজ কাপড় চুরি হয়। কাপড়গুলো পুরান ঢাকার সদরঘাট বা ইসলামপুরে বিক্রি হতে পারে—এমন গোপন খবরে তাঁরা তত্পরতা শুরু করেন। গত বুধবার সকালে তাঁরা জানতে পারেন, বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম থেকে একটি কনটেইনারে ওই কাপড় ঢাকায় আসছে।ওই সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার ভোরে র্যাব পুরান ঢাকার সিম্পসন রোডের সাউথ প্লাজার এসএস ট্রেডার্স করপোরেশনের তৃতীয় তলার একটি গুদাম থেকে প্রায় ২৫ হাজার গজ চোরাই কাপড় উদ্ধার করে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী তুহিন আহমেদ, কাভার্ড ভ্যানের চালক মুঞ্জুর রহমান ও চালকের সহযোগী আজমীকে গ্রেপ্তার করা হয়।কাভার্ড ভ্যানের চালক মুঞ্জুর রহমান জানান, গত বুধবার রাত ১২টার দিকে তিনি ১২ হাজার টাকা ভাড়ায় কাপড়বোঝাই ভ্যানটি ঢাকায় নিয়ে আসেন। ওই কাপড়গুলো চোরাই ছিল কি না তা তাঁর জানা নেই।গ্রেপ্তার হওয়া ব্যবসায়ী তুহিন আহমেদ জানান, চট্টগ্রামের ব্যবসায়ী দিদার আহমেদ তাঁদেরকে একটি কাপড়ের নমুনা দেখান। ওই নমুনা দেখে তাঁরা কাপড় কিনতে রাজি হলে সেগুলো গার্মেন্টসের কাপড় বলে তাঁদের জানানো হয়। কিন্তু কাপড়গুলো চোরাই কি না তা তাঁর জানা ছিল না।