চট্টগ্রামে মার্কিন নৌবহর আসার খবরে উদ্বেগ
চট্টগ্রাম বন্দরের কাছে মার্কিন সপ্তম নৌবহরের ঘাঁটি করার বিষয়ে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত খবরে উদ্বেগ প্রকাশ করেছে কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন। গতকাল শনিবার এই উদ্বেগ জানিয়ে বিবৃতি পাঠায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় মুক্তি কাউন্সিল, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য। গণসংহতি আন্দোলন আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করারও ঘোষণা দিয়েছে। বিবৃতিতে ওই সব রাজনৈতিক দল ও সংগঠনগুলো দাবি করেছে, বাংলাদেশের তেল-গ্যাস ও কয়লাসহ প্রাকৃতিক সম্পদের ওপর পশ্চিমাদের নজর পড়েছে। এ দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপও সবার জানা। প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ ও অভ্যন্তরীণ হস্তক্ষেপ বৃদ্ধির লক্ষ্যেই সপ্তম নৌবহর আনার পাঁয়তারা করা হচ্ছে। এ ধরনের উদ্যোগ যেকোনো মূল্যে ঠেকানোর ঘোষণা দিয়েছেন বিবৃতিদাতারা।