চন্দনের লাশ কে পাবেন আদেশ ২৪ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিহত শিক্ষক চন্দন কুমার চক্রবর্তী ওরফে সাজ্জাদ হোসেনের লাশ নিয়ে দুই ধর্মের দুই স্ত্রীর দাবির বিষয়টি এখনো মীমাংসা হয়নি। তাঁর লাশ প্রথম স্ত্রী তিথি চক্রবর্তী নাকি দ্বিতীয় স্ত্রী আকলিমা পাবেন—এ ব্যাপারে আগামী ২৪ জানুয়ারি আদালত আদেশ দেবেন।গতকাল ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন এ তারিখ নির্ধারণ করেন।আকলিমার দাবি অনুযায়ী তাঁদের বিয়ে পড়িয়েছেন যে মৌলভি আদালতে তাঁর সাক্ষ্য গ্রহণের ধার্য তারিখ ছিল গতকাল। কিন্তু আনিসুল ইসলাম নামের ওই মৌলভিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে গতকাল আদালতকে জানিয়েছেন চন্দন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা খিলঁগাও থানার উপপরিদর্শক মো. আসলাম।উপপরিদর্শক আসলাম প্রথম আলোকে বলেন, চন্দন ও আকলিমার কাবিননামায় বিয়ে পড়িয়েছেন হিসেবে মৌলভি আনিসুল ইসলামের নাম থাকলেও ঠিকানা লেখা নেই। তাই তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, রাজধানীর খিলগাঁও আইডিয়াল সিটি কলেজের সাবেক শিক্ষক চন্দন হিন্দু ছিলেন। পরে তিনি আকলিমা আকতারকে বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন।এদিকে চন্দনের মৃত্যুর খবর পেয়ে উচ্চ শিক্ষার্থে ভারতে থাকা তিথি চক্রবর্তী এসে স্বামীর লাশ দাবি করেন। কিন্তু তার আগেই আকলিমা লাশ দাবি করেন।বিষয়টি মীমাংসা না হওয়ায় চন্দনের লাশ গত তিন সপ্তাহ ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।শিক্ষক চন্দন কুমার গত ২৫ ডিসেম্বর রাতে খিলগাঁও এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন। এরপর এই ঘটনায় অজ্ঞাত লাশ উদ্ধার করেছে মর্মে পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। সেটি খিলগাঁও থানা পুলিশ তদন্ত করছে। পরে গত ২৭ ডিসেম্বর চন্দনের প্রথম স্ত্রী তিথি চক্রবর্তী মহানগর হাকিম আদালতে একটি হত্যা মামলা করেন। যা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—সিআইডি তদন্ত করছে।