চন্দনের লাশ কে পাবেন কাল আদালতের আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিহত শিক্ষক চন্দন কুমার চক্রবর্তী ওরফে সাজ্জাদ হোসেনের লাশ নিয়ে দুই ধর্মের দুই স্ত্রীর দাবির বিষয়টি এখনো মীমাংসা হয়নি। তাঁর লাশ প্রথম স্ত্রী তিথি চক্রবর্তী নাকি দ্বিতীয় স্ত্রী আকলিমা পাবেন—এ ব্যাপারে কাল মঙ্গলবার আদালত আদেশ দেবেন। গতকাল রোববার এ বিষয়ে আদেশের দিন ধার্য ছিল। আদেশ প্রস্তুত না হওয়ায় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন নতুন দিন নির্ধারণ করেন।আকলিমার আইনজীবী আবু আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, নিহত চন্দন চক্রবর্তী ধর্ম পরিবর্তন করে আকলিমা আকতারকে বিয়ে করেন। এ বিষয়টি বিয়ের সময় চন্দন কাজির কাছে স্বীকার করেছেন। কাবিননামায় এ কথার উল্লেখ রয়েছে। চন্দনের প্রথম স্ত্রী তিথি চক্রবর্তীর আইনজীবী আবদুস সামাদ বলেন, চন্দন একজন হিন্দু। ২০০৫ সালের একটি নিকাহনামা দিয়ে আকলিমা আকতার তাঁকে নিহত চন্দনের স্ত্রী হিসেবে দাবি করেছেন। বিয়ে পড়িয়েছেন যে মৌলভি, আদালত তাঁর সাক্ষ্য গ্রহণের জন্য ডেকেছিলেন। কিন্তু আনিসুল ইসলাম নামের ওই মৌলভিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে গতকাল আদালতকে জানিয়েছেন চন্দন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক মো. আসলাম। চন্দনের মৃত্যুর খবর পেয়ে উচ্চ শিক্ষার্থে ভারতে থাকা তিথি চক্রবর্তী এসে স্বামীর লাশ দাবি করেন। কিন্তু তাঁর আগেই আকলিমা লাশ দাবি করেন। এ নিয়ে দুজন আদালতের দ্বারস্থ হন। দুই স্ত্রীই নিজ নিজ ধর্মমতে স্বামীর শেষকৃত্য করার দাবিতে আবেদন করেছেন। বিষয়টির মীমাংসা না হওয়ায় চন্দনের লাশ তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।চন্দন চক্রবর্তী গত ২৫ ডিসেম্বর রাতে খিলগাঁও এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন। এরপর এই ঘটনায় অজ্ঞাত লাশ উদ্ধার করেছে মর্মে পুলিশ বাদী হয়ে একটি মামলা করে।