চন্দনের লাশ নিয়ে রিভিউ অন্য আদালতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিহত শিক্ষক চন্দন কুমার চক্রবর্তীর লাশ নিয়ে দুই ধর্মের দুই স্ত্রীর করা রিভিউ আবেদন প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ এ এন এম বশির উল্লাহ এ আদেশ দেন।গতকাল পর্যন্ত লাশের বিষয়ে কোনো মীমাংসা না হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ শিক্ষক চন্দনের লাশ গবেষণার কাজেও ব্যবহার করতে পারছে না। গত ২৬ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত দুই স্ত্রীর কাউকে লাশ না দিয়ে ঢাকা মেডিকেল কলেজকে গবেষণার কাজে ব্যবহারের আদেশ দেন। আদালতের আদেশের বিরুদ্ধে দুই স্ত্রীর দাবিদার তিথি চক্রবর্তী ও আকলিমা আকতার মহানগর দায়রা জজ আদালতে রিভিউয়ের আবেদন করেন। গত ২৮ ফেব্রুয়ারি রিভিউয়ের আবেদনের ওপর শুনানি শেষ হয়।গত বছরের ২৫ ডিসেম্বর শিক্ষক চন্দন চক্রবর্তী খিলগাঁও এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন। সেই থেকে চন্দনের লাশ মেডিকেলের হিমঘরে রাখা হয়েছে। এ ঘটনায় খিলগাঁও থানায় একটি মামলা করা হয়। চন্দনের মৃত্যুর খবর পেয়ে উচ্চশিক্ষার্থে ভারতে থাকা তিথি চক্রবর্তী এসে স্বামীর লাশ দাবি করেন। কিন্তু তাঁর আগেই আকলিমা লাশ দাবি করেন। এ নিয়ে দুজন আদালতের দ্বারস্থ হন। দুই স্ত্রীই নিজ নিজ ধর্মমতে স্বামীর শেষকৃত্য করার দাবিতে আবেদন করেছেন।