চমক জাগাল খুদে বিজ্ঞানীদের প্রকল্প
গাছের পাতা থেকে কাঠ, ফেলনা জিনিস থেকে খেলনা, কয়েল ছাড়াই হিটার কিংবা গোবর থেকে বিদ্যুৎ! এর কোনোটাই গুল নয়। সব কটিই করে চমক জাগাল খুদে বিজ্ঞানীরা।গতকাল বৃহস্পতিবার রাজধানীর নটর ডেম কলেজে ৩৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১২-এর সমাপনী অনুষ্ঠানে বক্তারা নবীন বিজ্ঞানীদের এসব প্রকল্পের প্রশংসা করলেন। এবার ২০০ বিজ্ঞান প্রকল্পের মধ্যে পুরস্কার পেয়েছে ৩২টি।প্রধান অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমি আশা করি আজকের খুদে বিজ্ঞানীরা মানবকল্যাণে নবজাগরণ আনবে’। বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সভাপতি এস আলী আসগর শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মানবতা নিয়ে বিজ্ঞানচর্চা করার পরামর্শ দেন।নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন কস্তা বলেন, ‘ভবিষ্যতেও আরও প্রয়োজনীয় কিছু তোমরা তৈরি করবে বলে আমার বিশ্বাস।’ জুনিয়র শাখায় প্রথম হয়েছে জসিমউদ্দিন খান, যৌথভাবে দ্বিতীয় হয়েছে জাহিদুল ইসলাম ও এহসানুল কবির এবং তৃতীয় হয়েছে রফিকুল ইসলাম ও জান্নাতুল ফেরদৌস।সিনিয়র শাখায় প্রথম হয়েছে সাদ আহমেদ ও ফারহানুল হুদা। দ্বিতীয় হয়েছে শিবলী সাদিক ও রাহাতুল আমিন। তৃতীয় হয়েছে উম্মে হানী ও কাজী সারীন।বিশেষ শাখায় প্রথম হয়েছে আব্দুলাহ আল রাকিব ও আসাদুজ্জামান আশরাফ। দ্বিতীয় হয়েছে সাদিকা নূর ও মায়েশা মালিহা রহমান। তৃতীয় হয়েছে প্রান্ত বড়ুয়া ও সৈয়দ আহমেদ। অংশগ্রহণকারী সব প্রতিযোগীকে প্রশংসাপত্র ও সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক মহিবুল হক।