চলতে গেলেই হোঁচট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয়নগর প্রধান সড়কের অসহনীয় যানজট এড়াতে অনেক যানবাহনই ঢুকে পড়ছিল পুরানা পল্টনের রাস্তায়। ওই পথে বায়তুল মোকাররম, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কিংবা দৈনিক বাংলার মোড় হয়ে অন্য গন্তব্যে যাওয়া যায়। কিন্তু সড়কে ঢুকেই যানবাহন চালক ও আরোহীরা বুঝতে পারছিলেন, বড় বোকামি হয়ে গেছে। তার চেয়ে বিজয়নগরের জ্যামে বসে থাকাও ভালো।

গত বৃহস্পতিবার। সময় তখন বেলা প্রায় একটা। দেখা গেল, সড়কটি এমনই অসমতল যে লাফিয়ে লাফিয়ে চলছে যানবাহন। কোথাও ইট বেরিয়ে আছে, কোনো অংশে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। বৃষ্টি নেই, বাদল নেই, তারপরও এখানে-ওখানে জমে আছে পানি। ওই সড়কে চলতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে।

হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশনের পেছনের এই সড়কে ঢুকে বিপাকে পড়েছেন ওয়ারীর র‍্যাঙ্কিন স্ট্রিটের বাসিন্দা আবদুল গফুর। তাঁর সঙ্গে ছোট্ট ছেলে আবির। উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে ছেলেকে নিয়ে রিকশায় ওঠেন তিনি। বাসায় দিয়ে তারপর ইসলামপুর কর্মস্থলে যাবেন। বিজয়নগরের যানজট এড়াতে প্রথমে ঢোকার চেষ্টা করেছিলেন নয়াপল্টন, তারপর কালভার্ট রোড। কিন্তু দুটি পথেই যানজট। অতঃপর পুরানা পল্টনের এই রাস্তায় ঢুকে পড়তে হয় দুর্দশায়। এ রাস্তার কাছেই প্রকাশনা সংস্থা ঐতিহ্যর অফিস। প্রতিষ্ঠানটির কর্ণধার আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, গত কয়েক বছর এ রাস্তার অবস্থা এমন নাজুক। বর্ষাকালে সারা মৌসুম পানি থাকে। আবার বর্ষা ছাড়াও পানি জমে থাকে। পথটি এমন যে পথচারীদের পক্ষে চলাচলও দুরূহ।

ভ্যান থেকে মালামাল পড়ে যাওয়ার ঘটনা ঘটে প্রায়ই। সড়কের পরিস্থিতির কারণে স্থানীয় অনেকে গাড়িতে এ রাস্তায় আসতে অস্বস্তিবোধ করেন। রাস্তাটির কাছাকাছি শৌখিন ইলেকট্রিক বাতির পাইকারি ও খুচরা মার্কেট। একটি বিক্রয়কেন্দ্রের ব্যবস্থাপক তানভীর হোসেন বলেন, ‘আমাদের প্রায় সব মালামাল কাচের। এ রাস্তা দিয়ে মালামাল এনে দেখা যায়, ভেতরে ভেঙে গেছে।’

রাস্তাটির পাশেই পুরানা পল্টন গার্লস হাইস্কুল। এই স্কুলের কয়েকজন অভিভাবক জানালেন, বর্ষা মৌসুমে বৃষ্টি হলে এ রাস্তায় বাচ্চাদের নিয়ে আসাই যায় না। এলাকায় অনেকগুলো বহুতল ভবন। স্থানীয় কয়েকজন দোকানি বলেন, একে তো রাস্তা মেরামত হয় না, তারপর এলাকায় যেসব বাড়ি হচ্ছে, সেগুলোর নির্মাণসামগ্রী আনা হয় ভারী যানবাহনে। ভবনগুলো জায়গা ছেড়ে নির্মিত না হওয়ায় রাস্তা আরও সরু হয়ে গেছে। এলাকার এক ভাঙারি দোকানের কর্মচারী আবদুর রশিদ বললেন, প্রায়ই রিকশা-অটোরিকশা উল্টে যাওয়ার ঘটনা ঘটছে। আবদুর রশিদ ছাড়াও এলাকাবাসীর বর্ণনা অনুযায়ী, এখানে আগে থেকেই ম্যানহোল উপচে পানি উঠত। মাস ছয়েক আগে একটি বহুতল ভবন নির্মাণের কারণে রাস্তা খোঁড়াখুঁড়ি হয়। তারপর অবস্থা আরও খারাপ হয়ে যায়।

এলাকাটি ডিএসসিসি খিলগাঁও আঞ্চলিক কার্যালয়ের অধীন। যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট একজন প্রকৌশলী বলেন, রাস্তাটির বিষয়ে ঢাকা ওয়াসা ও রাজউকের সঙ্গে কথা হয়েছে। চেষ্টা করা হচ্ছে সংস্কার করার।