চলন্ত ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ভাটারায় চলন্ত ট্রাক থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ভাটারার ১০০ ফুট সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। নিহত শ্রমিকের নাম আবদুল মতিন (৫৫)। তিনি রাজধানীর বেরাইদ এলাকার কালু মিয়ার ছেলে।
মতিনের চাচাতো ভাই আবদুর রহমান প্রথম আলোকে জানান, মতিন একটি নার্সারিতে শ্রমিকের কাজ করতেন। নতুন বাজার এলাকা থেকে ট্রাকে করে গোবর ও মাটি নিয়ে বাড্ডার বেরাইদ এলাকায় যাচ্ছিলেন তিনি। হঠাৎ করে চলন্ত ট্রাকের পেছনের দিকের ডালা থেকে তিনি পড়ে আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ঘটনাটি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে। তারা পরবর্তী আইনগত ব্যবস্থা নেবেন।