চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে শ্রমিকের মৃত্যু
চলন্ত ট্রেন থেকে নামার সময় একই ট্রেনের ধাক্কায় গুরুতর আঘাত পেয়ে মারা গেছেন আমিনুল ইসলাম (৩৫) নামের এক শ্রমিক। গতকাল বৃহস্পতিবার সকালে তেজগাঁও রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। কমলাপুর রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, আমিনুল কারওয়ান বাজারে কাঁচামাল বহনের কাজ করতেন। তাঁর বাসা উত্তরার দক্ষিণ আজমপুরে। গতকাল সকাল আটটার দিকে বিমানবন্দর রেলস্টেশন থেকে ট্রেনযোগে তিনি কারওয়ান বাজারের উদ্দেশে রওনা দেন। কিন্তু গন্তব্যস্থলের কাছাকাছি আসা মাত্র ট্রেনের গতি কিছুটা কমলে তিনি ওই অবস্থায় ট্রেন থেকে নামতে যান। এ সময় ওই ট্রেনের সঙ্গে তাঁর মাথায় জোরে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আমিনুলের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুরে। বাবা ইউনুছ আলী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত বুধবার রাতে বনানী এলাকা থেকে ফারজানা ববি (২২) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়। ওই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানায়।