চলন্ত পদচারী-সেতু চলছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমানবন্দর–সংলগ্ন চলন্ত পদচারী–সেতুটি রোববার দুপুরে গিয়ে বন্ধ পাওয়া যায়। এর প্রবেশপথে নোটিশে দেখা যায়, সকাল ৬টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে। দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত বন্ধ থাকার পর ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত আবার চলবে। তবে রোববার বিকেল ৫টায়ও এটি চালু হয়নি l ছবি: প্রথম আলো
বিমানবন্দর–সংলগ্ন চলন্ত পদচারী–সেতুটি রোববার দুপুরে গিয়ে বন্ধ পাওয়া যায়। এর প্রবেশপথে নোটিশে দেখা যায়, সকাল ৬টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে। দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত বন্ধ থাকার পর ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত আবার চলবে। তবে রোববার বিকেল ৫টায়ও এটি চালু হয়নি l ছবি: প্রথম আলো

রাজধানীতে স্থাপিত দেশের প্রথম চলন্ত সিঁড়িযুক্ত পদচারী-সেতু দুটি পথচারীদের কাজে আসছে না। বনানীর চলন্ত সিঁড়িগুলো যান্ত্রিক ত্রুটির কারণে ২০ দিন ধরে বন্ধ আছে। আর বিমানবন্দরের সামনের সড়কে স্থাপিত দ্বিতীয় পদচারী–সেতুটিও নিয়মিতভাবে চলে না বলে পথচারীরা জানিয়েছেন।

গত রোববার বনানী গিয়ে দেওয়া যায়, পদচারী-সেতুর (ফুটওভারব্রিজ) দক্ষিণ দিকের দুই অংশেই চলন্ত সিঁড়ি বন্ধ। এর প্রবেশপথের সিঁড়িতে লাগানো দুটি স্টিলের দরজায় তালা ঝুলছে। সেতুর উত্তর দিকের নিয়মিত সিঁড়িটিই পথচারীরা ব্যবহার করছেন। তবে অনেক পথচারীকে যানবাহনের ফাঁকে সুযোগ খুঁজে মূল সড়ক দিয়েই পার হতে দেখা যায়।

বনানীর চলন্ত সেতুর দুটি অংশ দুজনে দেখাশোনা করেন। পূর্ব অংশে দিদার মোল্লার খোঁজ পাওয়া যায়। তিনি প্রথম আলোকে বলেন, ২০ দিন ধরে চলন্ত সিঁড়িটির পশ্চিম অংশের একটি লোহার চাকা নষ্ট হওয়ায় বন্ধ হয়ে আছে। আর পূর্ব অংশের সিঁড়িটির কাচ ভেঙে নড়বড়ে হয়ে গেছে। পথচারীদের চলাচলে ঝুঁকি থাকায় বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, ‘এটা ঠিক করার জন্য আমাদের অফিসের (সিঁড়ি স্থাপনকারী প্রতিষ্ঠান) লোকজন সরকারি লোকদের বলেছেন। তবে এখনো কোনো কিছু হয় নাই।’ তিনি চলন্ত সিঁড়ি থেকে বের করা একটি লোহার চাকা এবং ভেঙে যাওয়া কাচের অংশ এই প্রতিবেদককে দেখান।

বনানীতে চলন্ত সিঁড়ির সামনে দিয়ে রাস্তা পার হওয়ার অপেক্ষায় ছিলেন হাসিনা বেগম। তিনি বলেন, চলন্ত সিঁড়ি সচল থাকতে এটা ব্যবহার করেছেন, এখন বন্ধ বলে হেঁটে গিয়ে ওই সিঁড়ি আর ব্যবহার করতে পারছেন না।’

চলন্ত সিঁড়ি স্থাপন করেছে হরাইজন টেকনো লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। এর সহকারী ব্যবস্থাপক আহসান হাবিব প্রথম আলোকে বলেন, ‘যান্ত্রিক জিনিস, সমস্যা হতেই পারে। ঠিক করার বিষয়ে সিটি করপোরেশনকে সপ্তাহখানেক আগে চিঠি দেওয়া হলেও তারা কোনো উত্তর দেয়নি।’ বিমানবন্দরের চলন্ত সিঁড়িটি ভালো আছে, তবে বিকেলে কেন চালু করা হয়নি, তা খোঁজ করে জানতে হবে বলে জানান তিনি।

বিমানবন্দর–সংলগ্ন পদচারী-সেতুর চলন্ত সিঁড়ি রোববার দুপুরে গিয়ে বন্ধ পাওয়া যায়। এর প্রবেশপথে নোটিশ দেখা যায়, এটি সকাল ৬টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে আবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত বন্ধ থাকার পর ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত আবার চলবে। তবে রোববার বিকেল ৫টার দিকেও সেতুটি চালু হয়নি।

বনানীর পদচারী–সেতুর দুই পাশের চলন্ত সিঁড়ি দীর্ঘ দিন ধরে বন্ধ হয়ে আছে। এতে বিড়ম্বনায় পড়েছে পথচারীরা। ছবিটি রোববার তোলা l প্রথম আলো
বনানীর পদচারী–সেতুর দুই পাশের চলন্ত সিঁড়ি দীর্ঘ দিন ধরে বন্ধ হয়ে আছে। এতে বিড়ম্বনায় পড়েছে পথচারীরা। ছবিটি রোববার তোলা l প্রথম আলো

বিমানবন্দরের পদচারী-সেতুর চলন্ত সিঁড়ির দেখাশোনার দায়িত্বে থাকা সাইফুলকে আশপাশে বা মুঠোফোনে পাওয়া যায়নি। তাঁর ভাগনে পরিচয় দেওয়া মো. আনোয়ার বলেন, তিনি সকালে চালিয়েছেন। আবার চালু করবেন।

বিমানবন্দরের পদচারী–সেতুর চলন্ত সিঁড়িটি তিন ঘণ্টা বন্ধ থাকার বিষয়ে হরাইজন টেকনোর আহসান হাবিব বলেন, দুপুরে তিন ঘণ্টা এটিকে বিরতি দেওয়া হয়। এ সেতুতে পথচারীদের প্রচণ্ড চাপ থাকে। তবে দুপুরের দিকে চাপ একটু কম থাকায় এ তিন ঘণ্টা বন্ধ রাখা হয়।

আহসান হাবিব আরও বলেন, ‘ধারণক্ষমতার চেয়েও বেশি লোকের ভার বহন করতে হচ্ছে বিমানবন্দরের এসকেলেটারটিকে। আরও বেশিসংখ্যক চলন্ত সিঁড়ি থাকলে এগুলো এত দ্রুত নষ্ট হতো না। আর বনানীর চলন্ত সিঁড়ির চাকায় ক্ষয় হয়েছে। এটা দ্রুত ঠিক করার ব্যবস্থা করছি।’

বিমানবন্দর পদচারী–সেতুর পাশের দোকানি মো. আতিক বলেন, ‘সিঁড়ি এই চালু তো, এই বন্ধ। কখন চলে আর কখন বন্ধ থাকে তার কোনো ঠিক নাই। আর অসুস্থ মানুষকে ধরে ওঠানো বা সাহায্য করার কথা থাকলেও তারা তা করে না। তাদেরকে কেবল আড্ডা দিতে এবং দোকানে বসে ব্যবসা করতেই দেখি।’

বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মল বায়ু, টেকসই ও পরিবেশবান্ধব প্রকল্পের (কেইস) আওতায় বনানীর এই চলন্ত সিঁড়ি ২০১৪ সালে বসানো হয়। কেইস প্রকল্পের পরিচালক মো. সেহাবউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাছে দুই বছরেরও বেশি আগে বনানীর পদচারী–সেতু দেখাশোনার দায়িত্বভার দিয়ে দেওয়া হয়েছে। কেইস প্রকল্প থেকে বিমানবন্দরেরটা করা হয়নি। বনানীরটার আদলে বিমানবন্দরেরটা তৈরি করেছে সিটি করপোরেশন। তারাই এর অর্থায়ন করেছে। এর সম্পূর্ণ দেখভালের দায়িত্বও সিটি করপোরেশনের।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বিভাগের নির্বাহী প্রকৌশলী নুরুজ্জামান মোল্লা বলেন, ‘বিমানবন্দরের চলন্ত সিঁড়িতে প্রচুর মানুষ চলাচল করে। ফলে সিঁড়ির ওপর চাপ পড়ে। এসকেলেটারগুলো (চলন্ত সিঁড়ি) কাস্টমাইজ করা। এর কোনো যন্ত্র নষ্ট হলে বিদেশ থেকে আনাতে সময় লেগে যায়। আর বনানীরটিরও কোনো সমস্যা হলে আমরা সমাধানের চেষ্টা করছি।’