চলন্ত বাস থেকে ফেলে শিশুকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মগবাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার যাত্রীবাহী বাসচাপায় ১০ বছরের শিশু ইমন নিহত হয়েছে। ইমন বাসে উঠলে বাসচালকের সহকারী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে মহাখালী যাওয়ার জন্য ইমন একটি বাসে উঠার চেষ্টা করে। এ সময় চালকের সহকারী তাকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেন। এতে ইমন রাস্তায় পড়ে গেলে পেছন থেকে আসা আরেকটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুর দেড়টার দিকে সে মারা যায়। শিশু ইমনের ফুপাতো ভাই হাফিজুর রহমান জানান, তিনি মগবাজারে পত্রিকার হকার হিসেবে কাজ করেন। গতকাল ইমন তাঁর সঙ্গে মগবাজারে আসে। একপর্যায়ে তিনি ইমনকে খুঁজে পাচ্ছিলেন না। বাসে চাপা দেওয়ার পর অন্য লোকজনের সঙ্গে তিনিও দৌড়ে ঘটনাস্থলে গিয়ে রক্তমাখা ইমনকে দেখতে পান। পরে ইমনকে হাসপাতালে নিয়ে যান।ইমনের মামি নাজমা বেগম জানান, ইমনের বাবার নাম নুরে আলম। ইমনের মা শাহিদা বেগম জর্ডানে থাকতেন। এক বছর আগে তিনি দেশে ফেরেন। শাহিদা জর্ডানে থাকার সময় তিনিই ইমনকে দেখাশোনা করতেন। আগে তাঁরা মঠবাড়িয়ায় থাকতেন। পাঁচ-ছয় মাসে আগে ইমনকে নিয়ে তিনি ঢাকার মহাখালীর একটি বস্তিতে ওঠেন। গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে ইমনের লাশ গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ার জুইন্নিতে পাঠানো হয়েছে। রমনা থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) রেজিনা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে চাপা দিয়ে চালক বাসটি নিয়ে পালিয়ে যান।