ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী চলন্ত একটি বাসের পাদানি ভেঙে চারজন ছাত্র ও একজন কর্মচারী আহত হয়েছেন। গতকাল সোমবার ক্লাস শেষে বাড়ি ফেরার সময় নারায়ণগঞ্জগামী আনন্দ বাসে এ দুর্ঘটনা ঘটে।আহত ব্যক্তিরা হলেন: মেহেদী, সিফাত ও ইলেকট্রিক সহকারী একরামুল্লাহ। বাকি দুজনের পরিচয় জানা যায়নি। ঘটনার পরপরই শিক্ষার্থীরা বাসটি ভাঙচুর করেন।আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ও আনন্দ বাসের সভাপতি সিফাত শাহরিয়ার ঘটনার বর্ণনা দিয়ে প্রথম আলোকে জানান, বিকেল চারটা ১০ মিনিটে উপাচার্যের বাসভবনের সামনে থেকে বিআরটিসির ভাড়া করা আনন্দ বাসটি ছাড়ার কথা ছিল, কিন্তু প্রায় ৩০ মিনিট পর এটি এসে পৌঁছায়। ক্লান্ত শিক্ষার্থীরা বাসে ওঠার পর গাড়িটি পূর্ণ গতিতে এগিয়ে যায়। কিছুদূর এগিয়ে কলা ভবনের সামনের গতিরোধকে গাড়িটি গতি না কমিয়েই এগোতে থাকে। তখন গতিরোধকে ধাক্কা খেয়ে বাসটি প্রচণ্ডভাবে ঝাঁকুনি খায়। এ সময় গতিরোধকের সঙ্গে বাসের পাদানি লেগে হুড়মুড় করে ভেঙে যায়। সঙ্গে সঙ্গে পাদানির ওপর থাকা তিনজন ছাত্র নিচে পড়ে যান, আর দুজন ঝুলে পড়েন।বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাপক মো. আজিজুল হক বলেন, ‘বাসের দুরবস্থার বিষয়ে ছাত্ররা আমাদের জানানোর পর বিআরটিসিকে এ বিষয়ে অবহিত করেছি। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।’ ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।