চলাচলের অনুপযোগী নৌযান নিষিদ্ধ করতে হাইকোর্টের নির্দেশ
নৌ চলাচলের অনুপযোগী সবগুলো লঞ্চ এবং অভ্যন্তরীণ নৌযান চলাচল নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কনজ্যুমারস অ্যাসোসিয়েসন অব বাংলাদেশের (ক্যাব) এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি কাজী রেজাউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের এক ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ নির্দেশ দেন।আসন্ন ঈদুল ফিতরের সময় সম্ভাব্য নৌ দুর্ঘটনা রোধে নৌপরিবহন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক, বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির চেয়ারম্যানকে হাইকোর্ট ছয় দফার ওই নির্দেশনা দেন।নির্দেশনায় বলা হয়েছে, যাত্রীর নিরাপত্তা এবং নৌযান চলাচলের উপযুক্ততা নিশ্চিত করতে সব যাত্রীবাহী লঞ্চ ও অভ্যন্তরীণ নৌযানের নকশা, যন্ত্রপাতি ও জীবন রক্ষাকারী সরঞ্জাম পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। নিষিদ্ধ করতে হবে চলাচলের অনুপযোগী সব লঞ্চ। লঞ্চ ও নৌযান যথাযথ যোগ্যতাসম্পন্ন ব্যক্তির মাধ্যমে চালানো হচ্ছে কি না, সেটা নিশ্চিত করতে হবে। লঞ্চে ও অভ্যন্তরীণ নৌযানে পর্যাপ্ত পরিমাণ বয়া ও বিকন বাতির মজুদ নিশ্চিত করতে হবে।এ ছাড়া পর্যাপ্ত জীবন রক্ষাকারী সরঞ্জাম ছাড়া এবং অতিরিক্ত যাত্রী বহন করে কোনো লঞ্চ যাতে যাত্রা করতে না পারে, সে জন্য ফেরিঘাট ও লঞ্চ টার্মিনালে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র্যাব ও আনসারের উপস্থিতি নিশ্চিত করতে হবে। যাত্রীর নিরাপত্তাসংক্রান্ত সব আইনি বিধান লঞ্চঘাট, ফেরিঘাটসহ গণমাধ্যমে প্রচার করতে হবে। বেলার আইনগত সহায়তায় দায়ের করা আবেদনে ক্যাবের পক্ষে আদালতে বক্তব্য উপস্থাপন করেন ইকবাল কবির।উপকূলীয় নাগরিক সমাজের দাবি ১২টি উপকূলীয় নাগরিক সংগঠনের ‘নিরাপদ নৌপথ বাস্তবায়ন জোট’ নৌ পরিবহনের বিষয়ে ঈদের আগে ও পরে নৌমন্ত্রীর নেওয়া বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করেছে। গতকাল জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে সিন্ডিকেট প্রথা বাতিল, জরুরি ভিত্তিতে অতিরিক্ত ক্রেন আমদানিসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি।