চলার পথে বাধা খুঁটি

সিলেট নগরের অন্যতম ব্যস্ত এলাকা কোর্ট পয়েন্ট থেকে চৌহাট্টা পর্যন্ত পৌনে এক কিলোমিটার সড়ক। এ সড়ক ঘেঁষেই অনেক গুরুত্বপূর্ণ ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিপণিবিতানের অবস্থান। বিষয়টি বিবেচনায় নিয়েই প্রায় দেড় বছর আগে মাটির নিচ দিয়ে বৈদ্যুতিক তার নিয়ে যাওয়ার কাজ শুরু করে বিদ্যুৎ বিভাগ। কিন্তু তা আজও সম্পন্ন হয়নি।
বিদ্যুৎ বিভাগের দাবি, সড়কের পাশের ব্যবসায়ীদের বাধার কারণে কাজটি অসমাপ্ত রয়েছে। তবে বাধাদানকারী ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা।
পরিকল্পনা অনুযায়ী, বিদ্যুৎ বিভাগ সড়কের কয়েকটি অংশে ট্রান্সফরমার স্থাপনের জন্য নতুন বৈদ্যুতিক খুঁটি বসিয়েছে। কিন্তু দীর্ঘদিনেও সেসব খুঁটিতে ট্রান্সফরমার বসানো হয়নি। ফলে পুরোনো খুঁটিগুলোও সরেনি। এ অবস্থায় প্রায়ফুটপাত ঘেঁষে নতুন ও পুরোনো বৈদ্যুতিক খুঁটিগুলো একসঙ্গে থাকায় ঝামেলা আরও বেড়েছে। নগরবাসী পথ চলতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন।
নাগরিক জোট সিলেটের আহ্বায়ক হুমায়ূন চৌধুরী বলেন, বিদ্যুৎ বিভাগের উদ্যোগটি অত্যন্ত চমৎকার ও ভালো। কিন্তু দেড় বছরেও নতুন খুঁটি বসিয়ে প্রকল্পটি বাস্তবায়ন না করায় দুর্ভোগ আরও বেড়েছে। পুরোনো-নতুন খুঁটিতে পথ চলাচলে দুর্ভোগে পড়তে হচ্ছে। এ অবস্থায় তিনি মাটির নিচ দিয়ে আদৌ বৈদ্যুতিক তার যাবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন।
সরেজমিনে দেখা গেছে, সড়কের কোর্ট পয়েন্ট, ইসলামী ব্যাংক, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, লন্ডন ম্যানসন, কাজী ম্যানসন, হোটেল শাহজাহানের পার্শ্ববর্তী এলাকা এবং সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার বিপরীত অংশে ১০টি নতুন বৈদ্যুতিক খুঁটি বসানো হয়েছে। এসব খুঁটির পাশে রয়েছে পুরোনো খুঁটিগুলো। তাই ফুটপাতের অনেকটাই খুঁটিগুলোর দখলে চলে গেছে। এ কারণে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।
সড়কের পাশের অন্তত পাঁচজন ব্যবসায়ী জানান, পুরোনো বৈদ্যুতিক খুঁটিগুলো অপসারণ করা হলে সড়কের এসব অংশে কয়েক হাত জায়গা বের হবে। তখন মানুষের চলাচলে পথ আরও সুগম হবে। তাঁরা বলেন, মাটির নিচ দিয়ে বৈদ্যুতিক লাইনের পাশাপাশি ডিশ ও টেলিফোন লাইনও নিয়ে যাওয়া হলে সড়কের সৌন্দর্য বহুগুণ বাড়বে।
সড়কটিতে অর্ধশতাধিক বৈদ্যুতিক খুঁটি রয়েছে জানিয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, বেশ কিছু নতুন খুঁটি অনেক আগে স্থাপন করা হলেও পুরোনো খুঁটিগুলো থেকে ট্রান্সফরমার অপসারণ করা হয়নি। বিষয়টি বিদ্যুৎ বিভাগকে একাধিকবার জানানো হয়েছে।
যোগাযোগ করলে বিদ্যুৎ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী (প্রকল্প) সানাউল্লাহ প্রথম আলোকে বলেন, সড়কটি ব্যস্ততম হওয়ায় আন্ডারগ্রাউন্ড (মাটির নিচের) বৈদ্যুতিক সংযোগ লাইন নির্মাণের লক্ষ্যে ট্রান্সফরমার বসানোর উদ্দেশে নতুন খুঁটি বসানো হয়েছিল। কিন্তু সড়কের পাশের কিছু ব্যবসায়ী এ কাজে বাধা দেন। এ কারণে কাজটি অসমাপ্ত অবস্থায় রয়েছে। তবে বাধাদানকারী ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে।