‘চলার পথের কথা’ বইয়ের মোড়ক উন্মোচন
বেসরকারি সংগঠন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুয়রের (ডরপ) প্রতিষ্ঠাতা আবুল হাসান মোহাম্মদ নোমানের বই ‘চলার পথের কথা’র মোড়ক উন্মোচন হয়েছে। গতকাল সোমবার বইটির মোড়ক উন্মোচন করেন লেখক নোমানের ছেলে ও ডরপের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা যোবায়ের হাসান। আজ মঙ্গলবার ডরপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চলার পথের কথা’ বইটির মোড়ক উন্মোচন উপলক্ষে সোমবার রাজধানীর মিরপুরের ডরপের কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বইটির মোড়ক উন্মোচন হলেও মূল পুস্তক প্রকাশনা অনুষ্ঠানটি হবে আগামী বৃহস্পতিবার কলকাতা প্রেসক্লাবে। ওই দিন আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটির স্বর্ণপদক প্রদান ও সংবর্ধনা ২০২১ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে বিশেষ অতিথি থাকবেন আইসিটি বাংলাদেশ ডিভিশনের ডেপুটি কন্ট্রোলার হাসিনা বেগম, ডরপের প্রোগ্রাম অফিসার শৌল বৈরাগী।
উন্নয়ন ও মানবাধিকারকর্মী হিসেবে আবুল হাসান মোহাম্মদ নোমান কাজ করেছেন পাঁচ দশকের বেশি সময়। সেই অভিজ্ঞতার কিছুটা তিনি ‘চলার পথের কথা’য় তুলে ধরেছেন।