চল্লিশোর্ধ্ব ৩ শতাংশ মানুষ গ্লকোমায় আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে চল্লিশোর্ধ্ব ব্যক্তিদের শতকরা তিনজন গ্লকোমা রোগে আক্রান্ত। দেশে দৃষ্টিপ্রতিবন্ধিতার দ্বিতীয় প্রধান কারণ গ্লকোমা। প্রাথমিক অবস্থায় রোগনির্ণয় ও সঠিক চিকিৎসা হলে সারা জীবন রোগ নিয়ন্ত্রণে রাখা যায়।চক্ষু চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ গ্লকোমা সোসাইটির প্রথম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকেরা গতকাল এসব কথা বলেন। দিনব্যাপী সম্মেলনে দেশি-বিদেশি প্রায় চার শ চক্ষু চিকিৎসক অংশ নেন। সম্মেলনে ১৫টি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হয়।আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, গ্লকোমা চোখের একটি বিশেষ রোগ। প্রায় উপসর্গহীন এ রোগের কারণে দৃষ্টিশক্তি আস্তে আস্তে কমতে থাকে। একপর্যায়ে মানুষ সম্পূর্ণ অন্ধ হয়ে যায়। সারা বিশ্বে সাত কোটি মানুষ এ রোগে ভুগছে। প্রায় সাত লাখ মানুষ এ রোগে আক্রান্ত হয়ে অন্ধ হয়ে আছে। সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী। তিনি বলেন, দেশে চক্ষু চিকিৎসা অনেক এগিয়ে যাচ্ছে। এটি আরও এগিয়ে নিতে সরকারি সহযোগিতার আশ্বাস দেন তিনি।অনুষ্ঠানের বিশেষ অতিথি সাবেক উপপ্রধানমন্ত্রী এম এ মতিন বলেন, গ্লকোমার কারণে এ পর্যন্ত যে ক্ষতি হয়ে গেছে, তা পূরণ করা আর সম্ভব নয়। এখন নতুন করে ক্ষতির মাত্রা কমানোর উদ্যোগ নিতে হবে। অনুষ্ঠানে সেরা সেবা প্রদানকারীকে পুরস্কার দেওয়া হয়। ডা. নাজনীন খান ওই পুরস্কার পান।সোসাইটির সভাপতি শেখ এম এ মান্নাফের সভাপতিত্বে অনুষ্ঠানে গ্লকোমা ফাউন্ডেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক দীন মোহাম্মদ নুরুল হক, বিএমএর মহাসচিব শারফুদ্দীন আহমেদ, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।