চা-বিক্রেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার চানখাঁরপুলে গতকাল বুধবার ভোরে সৈয়দ মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি ফেরি করে চা বিক্রি করতেন।পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, সৈয়দ মিয়া নাজিমুদ্দিন রোডের একটি মেসে থাকতেন। প্রতিদিনের মতো গতকাল ভোরে তিনি চা বিক্রি করতে বের হন। একপর্যায়ে ভোর পাঁচটার দিকে চানখাঁরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চার-পাঁচজন সন্ত্রাসী তাঁর পথরোধ করে। তারা সৈয়দ মিয়াকে চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠায়। নিহত সৈয়দ মিয়ার চাচাতো ভাই তাউস মিয়া ও হারুন মিয়া বলেন, সৈয়দের গ্রামের বাড়ি হবিগঞ্জের লাখাইয়ের বাদিকারা এলাকায়। ৪ ডিসেম্বর গ্রামের বাড়ির রাস্তা করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর এক পক্ষে ছিলেন সৈয়দ মিয়া। তাঁরা দাবি করেন, এর জের ধরে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে সৈয়দকে খুন করেছে। সৈয়দ ছয় মেয়ের জনক ছিলেন। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমিরউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, বাদিকারায় দুটি গ্রুপের মধ্যে বিরোধের জের ধরে পরস্পরের বিরুদ্ধে হবিগঞ্জের লাখাইয়ে চারটি মামলা হয়। এর মধ্যে একটি মামলার আসামি সৈয়দ মিয়া। ধারণা করা হচ্ছে, সৈয়দ মিয়ার প্রতিপক্ষ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ব্যাপারে নিহত সৈয়দ মিয়ার ভাই সালেক মিয়া বাদী হয়ে বংশাল থানায় হত্যা মামলা করেছেন। এতে সন্দেহভাজন ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে।