চাঁদনী চক মার্কেটের বিজনেস ফোরামের নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর চাঁদনী চক মার্কেটের বিজনেস ফোরামের নির্বাচনকার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি এম. মোয়াজ্জাম হোসেন সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন। ঘোষিত তফসিল অনুসারে আগামী ১১ জুলাই এ নির্বাচন হওয়ার কথা। তবে সমাজকল্যাণ বিভাগের কর্মকর্তার ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে ব্যবসায়ী মো. মনির হোসেন রিট আবেদন করেন। আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল আদালত রুল জারিও করেন। আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও রাষ্টপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল করুণাময় চাকমা মামলা পরিচালনা করেন। মাহবুব উদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, গত ১২ জুন সমাজকল্যাণ বিভাগের এক কর্মকর্তা মোসাম্মৎ জুবলি বেগম ওই নির্বাচনের তফসিল ঘোষণা করেন। আইন অনুযায়ী তিনি এটা করতে পারেন না। আদালত নির্বাচনের সব কার্যক্রমে স্থগিতাদেশ দিয়েছেন। ফলে নির্বাচন অনুষ্ঠানের সুযোগ নেই। রুলে ঘোষিত নির্বাচনের ওই তফসিল কেন এখতিয়ারবহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে সমাজকল্যাণ বিভাগের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের রুলের জবাব দিতে বলা হয়েছে।