জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আবাসিক ভবনের নির্মাণকাজ প্রায় এক মাস ধরে বন্ধ রয়েছে। অভিযোগ রয়েছে, ছাত্রলীগের এক নেতাকে চাঁদা না দেওয়ায় তাঁর লোকজন নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন।খোঁজ নিয়ে জানা যায়, গত মে মাসের দিকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আবাসিক ভবন দোতলা থেকে ছয়তলা ও বিশ্ববিদ্যালয় শাখা অগ্রণী ব্যাংকের (ইউটিলিটি) ভবন তিনতলা থেকে ছয়তলা নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এর মধ্যে শিক্ষকদের আবাসিক ভবনের নির্মাণকাজ পায় মেসার্স মো. রাসেদুজ্জামান নামে একটি প্রতিষ্ঠান। আর অগ্রণী ব্যাংকের ভবনটির নির্মাণকাজ পান ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি জামিল হোসেন (ডালি)। জামিল হোসেন জগন্নাথ কলেজের সাবেক ছাত্রনেতা।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মেসার্স রাসেদুজ্জামান নামের ওই প্রতিষ্ঠানটি কাজ পাওয়ার পর জামিল হোসেন তাঁদের কাছে বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছেন। টাকা না দেওয়ায় গত ৮ অক্টোবর রাতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. শাহিন ও সহকারী রাজমিস্ত্রি মোসলেউদ্দিনকে মারধর করেন ছাত্রলীগের ওই নেতা ও তাঁর লোকজন। পরে খবর পেয়ে রাজধানীর কোতোয়ালি থানার পুলিশ তাঁদের উদ্ধার করেন। এর পর থেকেই শিক্ষকদের আবাসিক ভবনটির নির্মাণকাজ বন্ধ রয়েছে। মেসার্স রাসেদুজ্জামানের সহকারী পরিচালক হায়দার আলী অভিযোগ করে বলেন, ছাত্রলীগের নেতা জামিল হোসেনের বাধার কারণে কয়েক দিন পর পরই তাঁদের নির্মাণকাজ বন্ধ রাখতে হয়। সর্বশেষ ৮ অক্টোবর দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় তাঁর কর্মচারীদের মারধর করা হয়েছে। তা ছাড়া ১০ অক্টোবর রাতে প্রায় অর্ধ টন রড না বলে নিয়ে গেছেন ছাত্রলীগের ওই নেতা।হায়দার আলী বলেন, বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। পরে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।মারধরের অভিযোগ অস্বীকার করে জামিল হোসেন প্রথম আলোকে বলেন, ভবন নির্মাণে ওই প্রতিষ্ঠানটির সঙ্গে একটি চুক্তি হয়েছিল তাঁর। কিন্তু তা না মানায় তাঁদের সঙ্গে ভুল-বোঝাবুঝি হয়েছে।জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি সম্প্রতি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শিক্ষকদের ভবন নির্মাণে ছাত্রলীগের সাবেক নেতা জামিল হোসেনের চাঁদাবাজির বিষয়টি জানার পর কয়েক বার তাঁকে বাধা দিয়েছি।’চাঁদাবাজির কারণে শিক্ষকদের ভবন নির্মাণকাজ বন্ধ থাকার অভিযোগ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।’চারবার দরপত্র, তবু অনাগ্রহী ঠিকাদারেরা: এদিকে বিশ্ববিদ্যালয়ের নতুন (একাডেমিক) ভবন সাততলা থেকে ১৬ তলা করার জন্য চারবার দরপত্র আহ্বান করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। কিন্তু কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানই ওই ভবনের নির্মাণে দরপত্র জমা দেয়নি। সর্বশেষ গত সেপ্টেম্বরে পঞ্চমবারের মতো দরপত্র আহ্বান করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। অভিযোগ রয়েছে, ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতাদের আগেই চাঁদা দাবির কারণে কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজে আগ্রহী হচ্ছে না।নাম প্রকাশে অনিচ্ছুক একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচালক বলেন, বিশ্ববিদ্যালয়ে কাজ করা আর বিপদ ডেকে আনা একই কথা। জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম আকন্দ অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্রলীগের কোনো নেতার সঙ্গে চাঁদাবাজির কোনো সম্পর্ক নেই।