চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পিটিয়েছে দুর্বৃত্তরা
চাঁদা না পেয়ে মোমেন মোল্লা নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সকালে ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। ব্যবসায়ী মোমেন মোল্লা বলেন, তিনি চলচ্চিত্র অভিনেতা ফারুকের ব্যবসায়িক অংশীদার। গত রোববার তিনি গাজীপুরের কালীগঞ্জের মঠবাড়িতে নিজের কেনা জমি দেখতে যান। এ সময় দুর্বৃত্তরা তাঁকে ইট দিয়ে আঘাত ও লাঠিপেটা করে। এ ঘটনায় তিনি বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেন। কিন্তু পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করেনি। মোমেন মোল্লা অভিযোগ করেন, ২০১০ সালে কালীগঞ্জের মঠবাড়ির বাসিন্দা মো. হোসেন গংদের কাছ থেকে তিনি ও ফারুক সাড়ে তিন কোটি টাকা দিয়ে ওই জমিটি কেনেন। কিন্তু কালীগঞ্জের যুবদলের কর্মী মজিবর রহমান, আবদুর রশিদ, হুমায়ুন কবির ও রুহুল মিয়া এ জমির জন্য তাঁদের কাছে দেড় কোটি টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় তিনি কালীগঞ্জ থানায় একাধিক জিডি করেন।চিত্রনায়ক ফারুক বলেন, চাঁদা না পাওয়ায় তারা মোমেনকে মারধর করেছে। কালীগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।