চাঁদা না পেয়ে সন্ত্রাসীদের হামলা তিনজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ি নির্মাণের সময় চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা বাড়ির মালিকসহ তিনজনকে গুলি করে আহত করে।গতকাল বুধবার দুপুরে রাজধানীর আশকোনা এলাকায় এ ঘটনা ঘটে। নির্মাণাধীন বাড়ির আহত নিরাপত্তাকর্মী সেকান্দার হাওলাদার (৪০), নির্মাণশ্রমিক তুলা মিয়া (৪৫) ও পথচারী মো. সাগরকে (৩০) হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে একদল সন্ত্রাসী আশকোনা এলাকার শাহজালাল গার্ডেন সিটি নামের নির্মাণাধীন তিনটি বহুতল বাড়িতে গিয়ে মালিকদের খোঁজ করতে থাকে। একপর্যায়ে তারা নিরাপত্তাকর্মী সেকান্দারকে মালিকের পক্ষের লোক ভেবে গুলি করে। গুলির শব্দে নির্মাণশ্রমিকেরা ছোটাছুটি করতে থাকেন। এ সময় সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। তখন পথচারী সাগর ও নির্মাণশ্রমিক তুলা মিয়া গুলিবিদ্ধ হন।আহত তিনজনকে প্রথমে উত্তরায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেকান্দার ও তুলা মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।নির্মাণকাজ তদারককারী প্রকৌশলী মইনুল ইসলাম হাসপাতালে সাংবাদিকদের বলেন, একই সীমানাপ্রাচীরের ফারুক হোসেন, মুকুল ও শাহাবুদ্দিন নামের তিন ব্যক্তি ডেভেলপার প্রতিষ্ঠান দিয়ে বহুতল ভবন নির্মাণ করাচ্ছিলেন। চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা গুলি করেছে বলে তিনি মনে করছেন।দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হেকিম প্রথম আলোকে বলেন, তিন-চার মাস ধরে সন্ত্রাসীরা চাঁদা চেয়ে এলেও বাড়ির মালিকেরা পুলিশকে তা জানাননি। গতকালের ঘটনায় থানায় মামলা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে ওসি জানান।