চাঁদাবাজি ও মারধরের মামলায় ঢাবি ছাত্রলীগের নেতা গ্রেপ্তার
চাঁদা না পেয়ে রাজধানীর চাঁনখারপুলে অবস্থিত শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এক ওয়ার্ড বয়কে পিটিয়ে জখম করার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পর্যায়ের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নেতা ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলেও অভিযোগ উঠেছে।
গ্রেপ্তার ছাত্রলীগ নেতা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক আকতারুল করিম ওরফে রুবেল৷ তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতকের শিক্ষার্থী। ভুক্তভোগী ওয়ার্ড বয় মো. মনির হোসেন তাঁর বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগে এজাহার করেছেন।
মামলার এজাহারে মনির হোসেন অভিযোগ করেছেন, তিনি ও তাঁর সহকর্মী মো. সোহেল ও মো. হারুন আজ সোমবার সকাল নয়টার দিকে নাশতা করার জন্য বার্ন ইনস্টিটিউট থেকে আনন্দবাজার এলাকায় খাবার হোটেলে যাচ্ছিলেন।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে পৌঁছালে আকতারুল করিম ও তাঁর দু-তিনজন অজ্ঞাতনামা সহযোগী তাঁদের পথ রোধ করে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা তাঁকে (মনির) হত্যার উদ্দেশে কাঠ ও রড নিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত এবং কিল, ঘুষি ও লাথি মেরে মারাত্মক জখম করেন। সহকর্মীরা বাঁচাতে এগিয়ে গেলে তাঁদেরও মারধর করে জখম করা হয়।
মনির হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মারধরের সময় আমাদের চিৎকারে আশপাশের লোকজনসহ বার্ন ইনস্টিটিউটের কর্মচারীরা এগিয়ে এসে আকতারুলকে ধরতে সক্ষম হলেও তাঁর সহযোগীরা পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে এসে শাহবাগ থানা–পুলিশ আকতারুলকে হেফাজতে নেয়। বার্ন ইনস্টিটিউটেই আমার চিকিৎসা চলছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজুল হক প্রথম আলোকে বলেন, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ওয়ার্ড বয় মো. মনির হোসেনের করা এজাহারটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে৷ গ্রেপ্তার আকতারুল করিম থানা হেফাজতে রয়েছেন।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় দায়িত্বরত একাধিক গোয়েন্দা সূত্র জানায়, আকতারুল করিম ও তাঁর কয়েকজন সহযোগী বেশ কিছুদিন ধরেই সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় নিয়মিত ছিনতাই ও মাদক বিক্রি করে আসছিলেন। এসব কর্মকাণ্ডের কারণে সোহরাওয়ার্দী উদ্যানের ছিন্নমূল মানুষের কাছে তিনি ‘রাজা’ হিসেবে পরিচিত। উদ্যান এলাকার মাদক ব্যবসায়ীদের কাছ থেকেও নিয়মিত চাঁদা নিতেন এই ছাত্রলীগ নেতা। করোনার কারণে বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়ের ফাঁকা ক্যাম্পাসেও রাতে সহযোগীদের নিয়ে ছিনতাইসহ নানা অপকর্ম করে আসছিলেন তিনি।
এ বিষয়ে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক এজিএস সাদ্দাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগে কোনো অপরাধীকে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। চাঁদাবাজি ও মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সুস্পষ্টভাবেই গঠনতন্ত্র ও সংগঠনবিরোধী। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করব এবং সংগঠনের পক্ষ থেকেও শাস্তির ব্যবস্থা করা হবে।’