চাঁদাবাজির অভিযোগে ডিবির তিন সদস্যকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ওষুধ মার্কেটে গতকাল সোমবার দুপুরে চাঁদাবাজির অভিযোগে গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্যকে ব্যবসায়ীরা মারধর করেছেন। ওষুধ মার্কেটে ডিবি পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে শত শত ওষুধ ব্যবসায়ী দোকানপাট বন্ধ রেখে অভিযুক্ত ডিবি সদস্যদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, গতকাল বেলা দেড়টার দিকে কোতোয়ালি থানাধীন পুরান ঢাকার ৪২ নম্বর মিটফোর্ড এলাকায় হাজি জামান ম্যানশন ওষুধ মার্কেটের মেডিসিন ফেয়ার নামে একটি দোকানে তিন ব্যক্তি সাদা পোশাকে নিজেদের ডিবি সদস্য পরিচয় দিয়ে প্রবেশ করেন। এ সময় তাঁরা দোকানের মালিক মো. লিটনকে ডেকে নিয়ে পাঁচতলার গুদামঘরে যান। দোকানের কর্মচারী অমিত সরকারের ভাষ্যমতে, ডিবির সদস্যরা সেখানে নিয়ে মো. লিটনকে বলেন, ‘তোমার কাছে অবৈধ ওষুধ আছে। গুদামের তালা খুলে দাও।’ এর পর গুদাম খুলে দেখালে ডিবির সদস্যরা বলেন, ‘অবৈধ মাল আছে। মাল দিবি না হয় আমাদের এক লাখ টাকা দিবি।’ অমিত জানান, পরে ডিবির সদস্যরা ২০ হাজার টাকা দাবি করেন। এতে দোকানমালিকের সঙ্গে তর্কবিতর্ক হলে অন্যান্য ওষুধ ব্যবসায়ী ও দোকানের মালিক-কর্মচারীরা প্রতিবাদ করে ডিবির তিন সদস্যকে ধাওয়া করেন। ব্যবসায়ীদের প্রতিবাদের মুখে ডিবির সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তাঁরা পার্শ্ববর্তী ৩০৭/৩৬ আবদুল্লাহ ভবন মার্কেটে আশ্রয় নেন। ওই মার্কেটের ব্যবসায়ীরা কিছু না বোঝার আগেই শত শত ওষুধ ব্যবসায়ী ও কর্মচারী মার্কেটের সামনে জড়ো হয়ে ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করেন। খবর পেয়ে পুলিশ ছুটে এলে বিক্ষুব্ধ লোকজন পুলিশকে ধাওয়া করে। এর পর বিকেল চারটার দিকে অতিরিক্ত পুলিশ এসে ডিবির তিন সদস্যকে আহত অবস্থায় উদ্ধার করে বংশাল থানায় নিয়ে যায়। পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, ‘গতকাল দুপুরে ডিবির ৫ নম্বর টিমের সদস্য ফজলুর রহমানসহ তিনজন ওই এলাকায় গিয়েছিলেন। তাঁরা ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করতে গিয়েছিলেন বলে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।