চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নয়াপল্টনে গতকাল রোববার দুপুরে চাঁদাবাজির অভিযোগে দুই যুবক গণপিটুনির শিকার হয়েছেন। গুরুতর আহত যুবক মো. হানিফ (২৫) ও মো. নাছিরকে (২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম প্রথম আলোকে বলেন, গণপিটুনি থেকে পুলিশ ওই দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তাঁরা পুলিশের হেফাজতে থাকলেও দুজনই অচেতন। ফলে তাঁদের সঙ্গে কথা বলা যায়নি।আবদুর রহিম বলেন, ‘শুনেছি, ওই দুজন নয়াপল্টনের স্কাউট মার্কেটের নিচতলার একটি দোকানে দীর্ঘদিন ধরে তিন লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। গতকাল দুপুর ১২টার দিকে তাঁরা ওই দোকানে গেলে দোকান-কর্মচারীসহ অন্যরা ফটক আটকে তাঁদের আটকে ফেলেন। এরপর তাঁদের পিটুনি দেন। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।’ এসআই বলেন, জ্ঞান ফিরলে তাঁদের বক্তব্য নেওয়া হবে।