চাঁদাবাজির অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীর্ষ সন্ত্রাসী জিসানের নাম ভাঙিয়ে মোবাইল ফোনে রাজধানীতে চাঁদাবাজি করতে গিয়ে সাইফুল ইসলাম (২৪) নামের এক যুবক গ্রেপ্তার হয়েছেন। পল্টন থানার পুলিশ বুধবার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর পাশ থেকে চাঁদার টাকা নেওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করে।পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত মঙ্গলবার রাত আটটার দিকে যাত্রাবাড়ীর মিয়াজান গলির বাসিন্দা মোবারক হোসেনের মোবাইল ফোনে জিসানের নাম করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবি করা টাকা দেওয়া না হলে তাঁর পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। অব্যাহত হুমকির পর মোবারক হোসেন চাঁদা দিতে রাজি হন।পুলিশ জানায়, চাঁদার টাকাসহ বায়তুল মোকাররম মসজিদের উত্তর দিকে ফ্লাইওভারের দক্ষিণ পাশে চায়ের দোকানে থাকতে বলা হয়। বিষয়টি মোবারক হোসেন পল্টন থানায় লিখিতভাবে জানান। পরে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মোজাফফর হোসেনের নেতৃত্বে একটি দল সাদা পোশাকে চায়ের দোকানে অবস্থান করে। এ সময় সাইফুলকে চাঁদা নেওয়ার সময় পুলিশ হাতেনাতে গ্রেপ্তার করে। এ ব্যাপারে পল্টন থানায় একটি মামলা হয়েছে।