ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা ময়নুল হক মনজুর চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসায়ীরা তাঁদের দোকান বন্ধ করে দেবেন বলে ঘোষণা দিয়েছেন। চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীরা থানায় জিডি করার তিন দিন পর সংবাদ সম্মেলন করে এমন ঘোষণা দিলেন।
গতকাল শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন রাজধানী ও নিউ রাজধানী সুপার মার্কেটের ব্যবসায়ীরা। তাঁরা বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে দোকান বন্ধ করে দেওয়া ছাড়া তাঁদের সামনে কোনো পথ খোলা থাকবে না। ময়নুলকে দোকান মালিক সমিতির অবৈধ সভাপতি উল্লেখ করে ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মার্কেটের ব্যবসায়ী মো. সাখাওয়াত হোসেন লিখিত বক্তব্যে ময়নুল হকের চাঁদাবাজি, হয়রানি ও নির্যাতনের বিবরণ তুলে ধরেন। এতে বলা হয়, ময়নুল দলের প্রভাব খাটিয়ে মার্কেটের মোট ১ হাজার ৭৮৮টি দোকান থেকে সার্ভিস চার্জের কয়েক গুণ বেশি চাঁদা নিচ্ছেন। এ ছাড়া বিভিন্ন অজুহাতে ও কৌশলে মার্কেটের প্রতিটি দোকান থেকে মাসে ২ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত চাঁদাবাজি করে আসছেন। তিনি মার্কেটের প্রবেশপথ ও ফুটপাতের দেড় শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকেও প্রতিদিন ৫০০ থেকে ১ হাজার ৩০০ টাকা করে চাঁদা তোলেন। ময়নুল তাঁর ২৫ থেকে ৩০ জন সহযোগীকে দিয়ে এসব চাঁদার টাকা তোলেন।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, ২০১১ সালের ২৬ জুলাই ময়নুল বহিরাগত সন্ত্রাসী ও তাঁর দলবল নির্বাচন ছাড়াই মার্কেটের কমিটি নিয়ন্ত্রণে নেন। কমিটির সঙ্গে যুক্ত হন মহানগর যুবলীগ দক্ষিণের তখনকার নেতা এইচ এম রেজাউল করিম।
ময়নুল হক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক নম্বর সদস্য।
এ বিষয়ে যোগাযোগ করা হলে গতকাল বিকেলে ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক বলেন, মার্কেটের একশ্রেণির ব্যবসায়ী তাঁর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে যেসব অভিযোগ করেছেন, তা মনগড়া ও অসত্য। আগের কমিটির মতোই বর্তমান কমিটির নির্বাচিত সভাপতি হিসেবে তিনি ব্যবসায়ীদের কাছ থেকে সার্ভিস চার্জ নেন। তিনি চাঁদাবাজির সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।
ওয়ার্ড কাউন্সিলরের চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জানতে চেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
নির্যাতিত ব্যবসায়ীদের অভিযোগ: লিখিত বক্তব্যে বলা হয়, চাঁদা দেওয়া না হলে ময়নুল তাঁর দলবল দিয়ে ব্যবসায়ীদের সমিতি কার্যালয়ে নিয়ে মারধর করেন এবং দোকানে তালা লাগিয়ে দেন। এর প্রতিবাদ করলে ব্যবসায়ীদের নানা ধরনের ভয়ভীতি দেখানো হয়। ঘটনার তদন্ত করতে গিয়ে এক উপপরিদর্শক (এসআই) তাঁর মারধরের শিকার হন। এ অবস্থায় নিরীহ ব্যবসায়ীরা তাঁর কাছে জিম্মি হয়ে পড়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মার্কেটের ব্যবসায়ী মো. আলম। তিনি অভিযোগ করেন, ১০ হাজার টাকা করে ছয় মাস চাঁদা না দেওয়ায় ময়নুল তাঁর দোকানে তালা লাগিয়ে দেন। এ সময় তাঁকে মারধর করা হয়। ঈদের পরে এক লাখ টাকা চাঁদা দেওয়ায় ময়নুল তাঁর দোকানটি খুলে দেন।
আরেক ব্যবসায়ী সোহেল রানা অভিযোগ করেন, দুই হাজার টাকা চাঁদা না দেওয়ায় ময়নুল তাঁর সত্তরোর্ধ্ব বাবাকে (আবু বকর শেখ) সমিতির কার্যালয়ে ডেকে নিয়ে মারধর করেন।
ওয়ার্ড কাউন্সিলর ময়নুলের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন বলে জানান ব্যবসায়ী রফিকুল ইসলাম। কিন্তু তাঁর হয়রানি, হুমকি-ধমকির মুখে তিনি মামলা প্রত্যাহার করতে বাধ্য হন।
চাঁদাবাজিতে অতিষ্ঠ আট ব্যবসায়ী এর আগে গত বুধবার ময়নুলের বিরুদ্ধে ওয়ারী থানায় জিডিও করেন। এ ছাড়া ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে গত ৮ জুলাই মধ্যরাতে র্যাব-১০-এর একটি দল মার্কেটে চাঁদাবাজির সময় হাতেনাতে ১১ জনকে আটক করে। কিন্তু রাজনৈতিক চাপে তাঁদের মধ্যে যুবলীগের তৎকালীন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিমকে ছেড়ে দেয় র্যাব। পরে ভ্রাম্যমাণ আদালত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১০ নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠান। গত সোমবার তাঁদের সাজার মেয়াদ শেষ হয়। ওয়ার্ড কাউন্সিলর ময়নুল মার্কেটে তাঁদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
অবশ্য চাঁদাবাজির অভিযোগের সত্যতা পেয়ে রেজাউল করিমকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়। সাজা পাওয়া ব্যক্তিদের মধ্যে সানাউল করিম ৩৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসাংগঠনিক সম্পাদক ও সরকারি কবি নজরুল কলেজের ছাত্র। তিনি রেজাউল করিমের ছোট ভাই।
গতকাল রাতে যোগাযোগ করা হলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান প্রথম আলোকে বলেন, ব্যবসায়ীদের অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী র্যাব ব্যবস্থা নেবে। তিনি বলেন, এর আগেও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব ও র্যাবের ভ্রাম্যমাণ আদালত ওই মার্কেটে অভিযান চালিয়েছিলেন।
ব্যবসায়ীদের জিডির বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার সৈয়দ নুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি প্রথম আলোকে বলেন, জিডির তদন্ত চলছে। তবে রসিদের বাইরে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেওয়ার তথ্য তাঁর জানা নেই। মার্কেট কমিটি অবৈধ হলে ব্যবসায়ীরা আদালতের শরণাপন্ন হতে পারেন।