চাঁদাবাজির মামলায় ঢাবির ছাত্রলীগকর্মী রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রলীগকর্মী আল আমিন খান
ছবি: সংগৃহীত

চাঁদাবাজির মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল থেকে আটক আল আমিন খানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত  বুধবার এই আদেশ দেন।

প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের (প্রসিকিউশন) উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন ফকির।

চাঁদাবাজির অভিযোগে আল আমিন খানের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আল আমিনকে আদালতে হাজির করে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আসামিপক্ষের আইনজীবী আদালতের কাছে দাবি করেন, আল আমিন চাঁদাবাজির সঙ্গে জড়িত নন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাঁকে এক দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

আল আমিন খান ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে ভর্তি হলেও প্রথম বর্ষ পার হতে পারেননি। ছাত্রলীগের কোনো পদে না থাকলেও তিনি সূর্যসেন হল শাখা ছাত্রলীগের শীর্ষ পদপ্রত্যাশী পরিচয়ে নানা অপকর্ম করে আসছিলেন। মঙ্গলবার দিবাগত রাতে তাকে সূর্যসেন হলের ১০২ নম্বর কক্ষ থেকে আটক করা হয়। পিস্তল দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের একজন সেলুন দোকানদারের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে অভিযান চালায় হল প্রশাসন। আল আমিনের কক্ষ থেকে পিস্তল, হকি স্টিক ও রড উদ্ধার করা হয়। কিন্তু থানায় নেওয়ার পর জানা যায়, পিস্তলটি আসলে ছিল খেলনা।

মঙ্গলবার সন্ধ্যায় সূর্যসেন হলের সেলুনের মালিক মো. জুনায়েদকে হলের ১০২ নম্বর কক্ষে ডাকেন আল আমিন খান। মো. জুনায়েদ বলেন, “গত বৃহস্পতিবার আল আমিন খান আমাকে হলের ১০২ নম্বর কক্ষে ডাকেন । তিনি আমার কাছে পাঁচ হাজার টাকা দাবি করেন। বলেন, ‘তুই তো ছাত্রলীগের অন্যদের টাকা দিস, আমাকে দিস না’ । একপর্যায়ে তিনি একটি পিস্তল বের করেন। পিস্তল দেখে আমি ভয় পেয়ে যাই। আমার কাছে তখন কিছু টাকা ছিল। আমি তাঁকে তিন হাজার টাকা দিই। আল আমিন খান আমাকে বলেন, ‘যে তাঁকে আরও পাঁচ হাজার টাকা দিতে হবে এবং এখন থেকে ১৫ দিন পর পর তাঁকে টাকা দিতে হবে।’ এই টাকার কথা কাউকে জানালে আমাকে গুলি করে মেরে ফেলার হুমকি দেন তিনি ।”