চাঁদার টাকার ভাগ না দেওয়ায় রাজধানীর মোহাম্মদপুরের আওয়ামী লীগের স্থানীয় নেতা কামরুজ্জামান ওরফে মিঠুকে (৩০) হত্যা করা হয়েছিল। এ হত্যাকাণ্ডের ঘটনায় গত রোববার গ্রেপ্তার হওয়া দুজন জিজ্ঞাসাবাদে এ তথ্য দিয়েছেন বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।গ্রেপ্তার হওয়া দুজন হলেন—শরিফুল ইসলাম ওরফে সাগর ওরফে জাহিদ (৩৫) ও সুমন সিকদার ওরফে সবুজ (২৮)।গত ৯ সেপ্টেম্বর শ্যামলী রিংরোডের সূচনা কমিউনিটি সেন্টারের সামনে কামরুজ্জামানকে গুলি করে হত্যা করা হয়। তিনি শ্যামলী লেগুনা শ্রমিক ফেডারেশনের সভাপতি এবং ৪২ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর স্ত্রী ফাহমিদা খানম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন।গ্রেপ্তার হওয়া শরিফুল ও সুমনকে গতকাল সোমবার ডিবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, ডিবির সহকারী কমিশনার আবুল কাশেম মো. বাকীবিল্লাহর নেতৃত্বে একটি দল কল্যাণপুর ও রায়েরবাজারের সুলতানগঞ্জ থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ডিবিকে জানিয়েছেন, কামরুজ্জামান শ্যামলী লেগুনাস্ট্যান্ড থেকে চাঁদা তুলতেন। এই চাঁদার ভাগ চেয়েছিলেন শীর্ষ সন্ত্রাসী নবীরের ডানহাত সন্ত্রাসী আলমগীর ওরফে আর্মি আলমগীর (বর্তমানে বিদেশে পলাতক)। কামরুজ্জামান এতে অস্বীকৃতি জানালে আলমগীর ক্ষিপ্ত হয়ে তাঁকে হত্যার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা অনুযায়ী শরিফুল ও সুমন মুঠোফোনে লেগুনা কেনার কথা বলে কামরুজ্জামানকে রিংরোডে ডেকে আনেন। তাঁকে গুলি করে হত্যার পর তাঁরা মোটরসাইকেল ও গাড়ি নিয়ে পালিয়ে যান।