চাকরি ও পরিবেশক নিয়োগে প্রতারণার অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে নিরীহ শিক্ষিত বেকার যুবক-যুবতীদের চাকরি দেওয়া ও পরিবেশক নিয়োগের নামে প্রতারিত করার অভিযোগে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার রাজধানীর ক্যান্টনমেন্ট থানার বারিধারার ২ নম্বর সড়কের ১৭৭ নম্বর বাড়িতে অভিযান চালান। এখানে আমজাদ হোসেন নামের এক ব্যক্তি কখনো নিজেকে আমজাদ হোসেন, কখনো তানভীর আহমেদ আবার কখনো কিরণ নামে পরিচয় দিয়ে নকল ও ভেজাল পণ্য উৎপাদন ছাড়াও পরিবেশক ও চাকরির নামে প্রতারণা করে আসছিল।গতকাল দুপুর আড়াইটার দিকে ভ্রাম্যমাণ আদালত এই বাড়ির নিচতলায় অবস্থিত এমআরসি গ্রুপের ট্রাস্ট ট্রেডিং করপোরেশন নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দেখতে পান যে সেখানে বোতলজাত বন্ধন সয়াবিন তেল, চায়না চুইংগাম, মধুমতি লবণসহ ৪২টি বিভিন্ন ধরনের পণ্য তৈরির নথি রয়েছে। এসব পণ্য উৎপাদন বা বাজারজাত করতে বিএসটিআইয়ের কোনো লাইসেন্স নেওয়া হয়নি। কিন্তু প্যাকেটের গায়ে লোগো ব্যবহার করা হয়েছে। নথিতে দেখা যায়, রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে বিএ (সম্মান) ও এমএ পাস করা অনেক বেকার যুবক-যুবতী পরিবেশক ও চাকরির জন্য দরখাস্ত করেছেন। চাকরিপ্রার্থী কিংবা পরিবেশকপ্রার্থীদের কাছ থেকে জামানত হিসেবে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে।এমআরসি গ্রুপের ব্যবস্থাপক মোহাম্মদ আলী খান জানান, তিনি চাকরি নেওয়ার সময় প্রতিষ্ঠানের মালিককে ৬০ হাজার টাকা জামানত হিসেবে দিয়েছেন। অফিস সহকারী শাহফুজা খাতুন জানান, তিনি আট হাজার ৬০০ টাকা দিয়েছেন। বিএসটিআইয়ের সহকারী পরিচালক কে এম হানিফ প্রথম আলোকে বলেন, এমআরসি গ্রুপের মালিক নিজেকে কখনো আমজাদ হোসেন, কখনো তানভীর আহমেদ আবার কখনো কিরণ নামে পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে প্রতিষ্ঠান গড়ে লোকজনের সঙ্গে প্রতারণা করছেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন বলেন, খাদ্যপণ্যের প্রতিষ্ঠানে চাকরি কিংবা পরিবেশক নেওয়ার আগে প্রতিষ্ঠানটি ভুয়া কি না তা যাচাই করতে বিএসটিআই অফিসে যোগাযোগ করে নিশ্চিত হতে হবে। তাহলে লোকজন প্রতারিত হবে না। নকল পণ্য তৈরি ও লোকজনের সঙ্গে প্রতারণার অভিযোগে অভিযুক্ত আমজাদ হোসেন গতকাল পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য বিএসটিআইকে নির্দেশ দেওয়া হয়। গতকাল অভিযানে অংশ নেয় বিএসটিআই ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল।