চাকরি নিয়ে ঝগড়া থেকে জোড়া খুন!
চাকরি নিয়ে ঝগড়ার জের ধরে রাজধানীর শেওড়াপাড়ার শামীম সরণির একটি মেসে জোড়া খুনের ঘটনা ঘটেছে। ওই মেসের বাসিন্দা মিলন প্রামাণিক (৪০) গতকাল রোববার র্যাবের হাতে গ্রেপ্তারের পর এমন তথ্য দিয়েছেন বলে র্যাব জানিয়েছে।গত শুক্রবার একটি বাড়ির দোতলার মেসের দুটি কক্ষ থেকে খায়রুল বাশার (৩০) ও আনহারুল ইসলাম রাজীবের (২৭) লাশ উদ্ধার করে পুলিশ।গতকাল বিকেলে রাজধানীর আগারগাঁও কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে র্যাব-২-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এম এম আনিসুর রহমান বলেন, গত শনিবার রাত ১২টার দিকে র্যাবের একটি দল উত্তরা পূর্ব থানার আবদুল্লাহপুর থেকে মিলনকে গ্রেপ্তার করে। তাঁকে আশ্রয় দেওয়ার অভিযোগে তাঁর ভাই সোহেল প্রামাণিককেও গ্রেপ্তার করা হয়। আনিসুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন জোড়া খুনে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, এ হত্যায় মেসের আরেক বাসিন্দা রুবেল ও একজন ভাড়াটে খুনিও জড়িত। এ রুবেল হচ্ছে পুলিশের হেফাজতে থাকা ফারুকের আরেক নাম।সংবাদ ব্রিফিংয়ে বলা হয়, জিজ্ঞাসাবাদে মিলন র্যাবকে জানান, খায়রুল একটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিপণনকর্মী ছিলেন। ঘটনার তিন-চার দিন আগে রুবেল হেয় করে খায়রুলকে বলেন, বিপণনে অনেক মিথ্যা কথা বলতে হয়, তাঁর (রুবেল) কার্যালয়ে ঢোকারও যোগ্যতা খায়রুলের নেই। এতে ক্ষিপ্ত হন খায়রুল। শুরু হয় ঝগড়া ও কথা-কাটাকাটি। কয়েক দিন ধরে এ দ্বন্দ্ব বড় আকার ধারণ করে। র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘটনার দিন রুবেল একজন ভাড়াটে খুনিসহ মেসে ঢোকেন। পরে মিলনও তাঁদের সঙ্গে যোগ দিয়ে খায়রুলকে রড ও ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান খায়রুল। মারামারির শব্দ শুনে পাশের কক্ষে থাকা আনহারুল ছুটে এলে তাঁকেও হত্যা করা হয়।