চাকরি ফিরে পেতে শহর সমাজসেবা প্রশিক্ষকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকল্প চালু ও চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন শহর সমাজসেবা কার্যালয়ের প্রশিক্ষকেরা। আজ সোমবার কাফনের কাপড় পরে শহীদ মিনারে প্রতিবাদ এবং দাবি না মানা হলে আমরণ অনশন কর্মসূচিরও হুমকি দিয়েছেন তাঁরা।মানববন্ধনে প্রশিক্ষকেরা বলেন, বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে সরকার ঢাকার আটটিসহ সারা দেশের ৮০টি শহর সমাজসেবা কার্যালয়ে দুই দফায় মোট ২৭০ জন কারিগরি প্রশিক্ষক নিয়োগ দিয়েছে। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাঁরা আজ বেকার। অথচ ডিজিটাল বাংলাদেশ গড়তে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি চালিয়ে নেওয়া জরুরি।মানববন্ধনে সমাজসেবা কারিগরি প্রশিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাগর ছারোয়ার বলেন, এ প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়ে দেশের অনেক বেকার তরুণ নতুন জীবন গড়েছেন। কিন্তু যাঁরা প্রশিক্ষণ দিয়েছেন, তাঁরাই আজ বেকার। এই প্রশিক্ষকদের বেশির ভাগেরই অন্য চাকরির বয়স শেষ হয়ে গেছে। এ প্রকল্প আবার চালু না হলে তাঁদের পথে বসা ছাড়া উপায় নেই।