চাকরি মেলায় শিক্ষার্থীদের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি মেলাকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের নিচতলা গতকাল বুধবার ছিল প্রাণচঞ্চল।মেলায় চাকরিজীবনে পা রাখতে যাচ্ছেন অথবা খণ্ডকালীন চাকরি সম্পর্কে আগ্রহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।মেলায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র আবদুল আলিম প্রথম আলোকে বলেন, ‘চাকরি নিয়ে চিন্তার শেষ নেই। এই প্রথম সরাসরি কোনো প্রতিষ্ঠানের কাছে চাকরির বিষয়ে কথা বললাম। অন্য রকম অভিজ্ঞতা।’ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব আয়োজিত দিনব্যাপী এ চাকরি মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা মোদাচ্ছের আলী। তিনি শিক্ষার্থীদের চাকরির যোগ্য করে তোলার আহ্বান জানিয়ে বলেন, শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তব জ্ঞানভিত্তিক শিক্ষাও নিতে হবে।উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে নিজের অবস্থান তৈরি করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলার জন্য ছাত্রজীবন থেকেই প্রস্তুতি নিতে হবে।ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহসভাপতি সেলিনা খালেকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মীজানুর রহমান, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের রকীব উদ্দীন আহমেদ, ক্যারিয়ার ক্লাবের প্রধান সমন্বয়ক এ বি এম শহীদুল ইসলাম, ক্যারিয়ার ক্লাবের সভাপতি আবিদ হাসান খান প্রমুখ। চাকরি মেলায় এমজিএইচ গ্রুপ, মাইক্রোসফট বিডি লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, এনার্জি প্যাক বিডি লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, রহিমআফরোজ বিডি লিমিটেড, থেরাপ বিডি লিমিটেড, বিডি গ্রুপ, লঙ্কা-বাংলা, বাইওজিন, বিডি জবস, বেস্টওয়ে গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়।