চাকরি হারানোর ভয়ে নারীরা যৌন হয়রানির কথা বলেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশিল্প কারখানা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরসহ প্রায় সব কর্মক্ষেত্রেই নারীরা ব্যাপক মাত্রায় যৌন হয়রানির শিকার হচ্ছেন। কিন্তু কর্মক্ষেত্রের নির্যাতনের ধরন ভিন্ন হওয়ায় নির্যাতনকারীর পরিচয় সব সময়ই গোপন থাকছে। পরীক্ষায় নম্বর কম পাওয়া বা চাকরি হারানোর ভয়ে নারীরা এ বিষয়ে কথাও বলতে পারেন না। এতে নারীর জীবনে আরও মারাত্মক প্রভাব পড়ছে।গতকাল শনিবার বাংলাদেশ ফেডারেশন অব ইউনিভার্সিটি উইমেন আয়োজিত ‘কর্মস্থলে নারীর যৌন হয়রানি: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ইভ টিজিংকে যৌন হয়রানির প্রাথমিক পর্যায় উল্লেখ করে তাঁরা বলেন, কর্মক্ষেত্রে প্রবেশের আগেই রাস্তাঘাটে নারীরা ইভ টিজিং ও যৌন হয়রানির শিকার হচ্ছেন। বর্তমানে এটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে।রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিডিয়া বাজার কক্ষে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা এ ব্যাধি মোকাবিলার আন্দোলনে পুরুষকে সম্পৃক্ত করা, পরিবারে নারীর দৃষ্টিভঙ্গি পাল্টানো, রাষ্ট্রীয় পর্যায়ে আইন ও নীতিমালা করা এবং ছোটবেলা থেকেই মেয়েদের এ ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করার পরামর্শ দেন। এতে সভাপতিত্ব করেন ফেডারেশনের সদস্য দিলারা চৌধুরী।সেমিনারের মূল প্রবন্ধে উইমেন ফর উইমেনের প্রেসিডেন্ট সালমা খান বলেন, দেশের সাড়ে তিন কোটি যুবকের বেকারত্ব সমাজে ইভ টিজিং বা যৌন হয়রানির পরিমাণ বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হিসেবে কাজ করছে। পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় নারীর প্রতি বৈষম্য ও দৃষ্টিভঙ্গি, শিক্ষাক্ষেত্রে লৈঙ্গিক শিক্ষার অভাব, রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামোগত দুর্বলতা এবং আকাশ সংস্কৃতি ও পর্নোগ্রাফির সহজলভ্যতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, নারীর মানবাধিকার রক্ষায় সংবিধানে অনেক কথা বলা আছে। কিন্তু তা মানা হয় না। বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষক মালেকা বেগম বর্তমানে সমাজে যে মাত্রায় যৌন হয়রানির ঘটনা ঘটছে তাকে দুর্যোগের সঙ্গে তুলনা করে সবাইকে সম্মিলিতভাবে মোকাবিলা করার আহ্বান জানান। তিনি সমাজে নারীর যথাযথ মূল্যায়ন এবং গণমাধ্যমকে নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান।সেমিনারে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক নাজমা সিদ্দিকী, নাজমুন নেসা মাহাতাব, বিশ্বব্যাংকের জাতীয় পরামর্শক সেলিনা আক্তার জাহান, ফেডারেশনের সভানেত্রী মনোয়ারা ইসলাম বক্তব্য দেন।অন্যান্য কর্মসূচি: গতকাল বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। জোটের সভাপতি খায়রুল আলম এতে সভাপতিত্ব করেন। মানববন্ধনে বক্তারা বখাটেদের বিরুদ্ধে প্রতিটি পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।