চাকরিচ্যুত শরীফের জীবনের নিরাপত্তা নিয়ে হাইকোর্টে ১০ আইনজীবীর চিঠি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক পদ থেকে চাকরিচ্যুত মো. শরীফ উদ্দিনের জীবনের নিরাপত্তাসহ প্রয়োজনীয় আদেশের আরজি নিয়ে চিঠি দিয়েছেন ১০ আইনজীবী। এর সঙ্গে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি শরীফকে নিয়ে গণমাধ্যমে আসা ৯টি প্রতিবেদন যুক্ত করা হয়েছে।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে আজ রোববার ওই চিঠি পাঠানো হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরসহ ১০ আইনজীবী ওই চিঠিটি পাঠিয়েছেন। হাইকোর্ট রুলসের (সংশোধিত) বিধি অনুসারে ওই চিঠিটি সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী আবেদন (রিট) হিসেবে বিবেচনার আরজি রয়েছে চিঠিতে।
পরে আইনজীবী শিশির মনির প্রথম আলোকে বলেন, ‘চাকরিচ্যুত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে চিঠিটি পাঠানো হয়েছে। ২০১২ সালের সংশোধিত হাইকোর্ট রুলসের ১১ ক অধ্যায়ের ১০ বিধি অনুযায়ী ওই চিঠি পাঠানো হয়। হাইকোর্টের ওই বেঞ্চের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। প্রক্রিয়া অনুসারে আদালত চিঠিটি আবেদন হিসেবে বিবেচনায় নিয়ে শুনানি করতে পারেন।’
হাইকোর্ট রুলেসের প্রসঙ্গ তুলে ধরে চিঠির শেষাংশের ভাষ্য, ১১ ক অধ্যায়ের ১০ বিধি অনুযায়ী চিঠিটি সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী আবেদন হিসেবে বিবেচনা করে সংযুক্ত প্রতিবেদনগুলো (গণমাধ্যমে আসা) আমলে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কারণ দর্শানো এবং চাকরিচুত্য দুদকের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনের জীবনের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় আদেশ বা ক্ষেত্রমতো উপযুক্ত আদেশ প্রদানে আপনার একান্ত মর্জি হয়।
অপর ৯ আইনজীবী হলেন রেজওয়ানা ফেরদৌস, জামিলুর রহমান খান, উত্তম কুমার বণিক, মুস্তাফিজুর রহমান, মো. তারেকুল ইসলাম, আহমেদ আবদুল্লাহ খান, সৈয়দ মোহাম্মদ রায়হান, মো. সাইফুল ইসলাম ও মোহাম্মদ নওয়াব আলী।
১০ আইনজীবী চিঠিতে উল্লেখ করেছেন যে প্রতিবেদন পড়ে (গণমাধ্যমে আসা) তাঁদের মনে হয়েছে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং এতে জড়িত রয়েছে জনস্বার্থ সংশ্লিষ্ট মারাত্নক অন্যায় ও অসংগতি। এ ধরনের ঘটনা বর্তমান সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের পথে অন্তরায়। দুর্নীতি প্রতিরোধে গৃহীত বহুমুখী পদক্ষেপ মুখ থুবড়ে পড়বে। দুর্নীতি রোধে কর্মকর্তারা ভীতিকর পরিবেশে থাকবেন এবং আইন অনুযায়ী স্বাধীনভাবে দায়িত্ব পালনে নিরুৎসাহিত হবেন।